সংযুক্ত আরব আমিরাতে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা

সৌদি আরবের রাজধানী রিয়াদ এবং সংযুক্ত আরব আমিরাতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে হামলা চালানোর দাবি করেছে ইরানের সামরিক বাহিনী। তবে সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, রিয়াদের আকাশে পৌঁছানোর আগেই এসব হামলার কিছু অংশ প্রতিহত করা হয়েছে।
বিজ্ঞাপন
রোববার সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, রাজধানী রিয়াদের আকাশে অন্তত চারটি ড্রোন ধ্বংস করা হয়েছে।
গত ২৮ ফেব্রুয়ারি ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে সংঘাত শুরু হওয়ার পর থেকে সৌদি আরব ধারাবাহিকভাবে ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার মুখে পড়ছে। এসব হামলায় দেশটির গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামো, সামরিক স্থাপনা, মার্কিন স্বার্থসংশ্লিষ্ট এলাকা এবং জনবসতিপূর্ণ অঞ্চল লক্ষ্যবস্তু করা হচ্ছে বলে জানা গেছে। এখন পর্যন্ত এসব হামলায় অন্তত দু’জন নিহত এবং ১২ জন আহত হয়েছেন।
বিজ্ঞাপন
এদিকে সংযুক্ত আরব আমিরাতেও হামলার দাবি করেছে ইরান। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, আমিরাতের আল-ধাফরা বিমান ঘাঁটিতে অবস্থানরত মার্কিন বাহিনীকে লক্ষ্য করে ১০টি ক্ষেপণাস্ত্র ও অজ্ঞাতসংখ্যক ড্রোন নিক্ষেপ করা হয়েছে।
অন্যদিকে চলমান সংঘাতের জেরে ইসরায়েলেও হতাহতের ঘটনা ঘটছে। ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সেখানে ১০৮ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
বিজ্ঞাপন
২৮ ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত মোট ৩ হাজার ১৯৫ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে, যাদের মধ্যে ৮১ জন বর্তমানে চিকিৎসাধীন। আহতদের অনেকেই ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র বা লেবানন থেকে আসা রকেট হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছেন।
এছাড়া নিরাপদ আশ্রয়ে যাওয়ার সময় হুড়োহুড়িতেও কিছু মানুষ আহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
সূত্র: আল জাজিরা, এএফপি








