জামায়াতের লং মার্চ স্থগিতের অনুরোধ শাহবাজ শরীফের

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ জামায়াতে ইসলামীর ইসলামাবাদমুখী লং মার্চ স্থগিত করার অনুরোধ জানিয়েছেন। পাকিস্তানে ফিরে দলটির সঙ্গে পেট্রোলিয়াম লেভি নিয়ে অর্থবহ আলোচনায় বসার আগ্রহের কথা জানিয়ে তিনি এই অনুরোধ করেন।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জামায়াতে ইসলামীর আমির হাফিজ নাঈমুর রহমানের সঙ্গে ফোনে কথা বলার সময় শাহবাজ শরীফ এ অনুরোধ জানান। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নিতে বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থান করছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।
জামায়াতে ইসলামীর মুখপাত্রের বরাতে পাকিস্তানের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, দেশে ফেরার পর পেট্রোলিয়াম লেভি নিয়ে দলটির সঙ্গে আলোচনায় বসতে আগ্রহী শাহবাজ শরীফ। এ বিষয়ে আলোচনার মাধ্যমে সমাধানের পথ খুঁজতে চান তিনি।
ফোনালাপে হাফিজ নাঈম শাহবাজকে বলেন, জামায়াতে ইসলামী সরকারের সঙ্গে সংঘাতে যেতে কিংবা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে চায় না। তবে জনগণের বিভিন্ন দাবি তুলে ধরতেই তারা রাজপথে নেমেছে।
বিজ্ঞাপন
হাফিজ নাঈমের ভাষ্য, শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করার অধিকারকে সরকারের সম্মান করা উচিত।
সিদ্ধান্ত নেবে দলের শুরা
শাহবাজের অনুরোধের বিষয়ে দলের শুরার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন হাফিজ নাঈম। জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সিদ্ধান্ত গ্রহণকারী পরিষদ হলো শুরা।
বিজ্ঞাপন
হাফিজ নাঈম বলেন, সরকারের অনুরোধে ইসলামাবাদমুখী লং মার্চ যদি স্থগিত করা হয়, তবু প্রতিবাদের অধিকার থেকে দলটি সরে আসবে না।
এর আগে জেআই জানিয়েছিল, পেট্রোলিয়াম লেভি পুরোপুরি প্রত্যাহার না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
মুলতানে পৌঁছেছে ট্রেন মার্চ
পেট্রোলিয়াম লেভির প্রতিবাদে জেআইয়ের ট্রেন মার্চ সোমবার রাতে মুলতানে পৌঁছায়। হাফিজ নাঈম সেখানে রেলস্টেশনে সমর্থকদের উদ্দেশে বক্তব্য দেন।
তিনি বলেন, ট্রেনটি প্রায় চার ঘণ্টা দেরিতে মুলতানে পৌঁছালেও সমর্থকদের উপস্থিতিতে এর প্রভাব পড়েনি। জামায়াতের আমির বলেন, মুলতানের মতো বেলুচিস্তান ও খাইবার পাখতুনখাওয়ার বিভিন্ন শহরেও সমর্থকেরা তাদের স্বাগত জানিয়েছেন।
বিজ্ঞাপন
মুলতান থেকে লং মার্চ দক্ষিণ পাঞ্জাব হয়ে মধ্য পাঞ্জাবে যাবে। এরপর লাহোর হয়ে ইসলামাবাদের দিকে এগিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।
পেট্রোলিয়াম লেভি প্রত্যাহারের দাবি
জেআই পেট্রোলিয়াম লেভিকে ‘এক্সটরশন ট্যাক্স’ হিসেবে উল্লেখ করে তা প্রত্যাহারের দাবি জানিয়ে আসছে। দলটির দাবি, জ্বালানি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাড়তি দামের চাপ থেকে সাধারণ মানুষকে স্বস্তি দিতে হবে।
বিজ্ঞাপন
মুলতানে দেওয়া বক্তব্যে হাফিজ নাঈম গম, আটা ও চিনির দাম নিয়েও কথা বলেন। তিনি বলেন, এসব পণ্যের দাম সাধারণ মানুষের ওপর অর্থনৈতিক চাপ বাড়াচ্ছে।
চিনি আমদানি ও রপ্তানি নিয়ে সরকারের নীতির সমালোচনাও করেন তিনি। তার অভিযোগ, আটা ও চিনি ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট প্রভাবশালী গোষ্ঠীর রাজনৈতিক দলগুলোর ওপর প্রভাব রয়েছে।
করাচি থেকে শুরু লং মার্চ
বিজ্ঞাপন
পেট্রোলিয়াম লেভির বিরুদ্ধে জামায়াতে ইসলামীর লং মার্চ গত ২০ সেপ্টেম্বর করাচি থেকে শুরু হয়। দলটির আমির হাফিজ নাঈমুর রহমানের নেতৃত্বে ট্রেনে করে সমর্থকেরা ইসলামাবাদের উদ্দেশে যাত্রা শুরু করেন।
করাচি থেকে যাত্রার পর মিছিলটি হায়দরাবাদ, নওয়াবশাহ, রোহরি ও সুক্কুর হয়ে মুলতানে পৌঁছায়। একই সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চল থেকেও দলটির কর্মী-সমর্থকেরা সড়কপথে ইসলামাবাদের দিকে যাত্রা করছেন।
পেট্রোলিয়াম লেভি ছাড়াও স্বতন্ত্র বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সরকারের চুক্তি নিয়েও এর আগে আন্দোলন করেছে জামায়াতে ইসলামী।
বিজ্ঞাপন
এ বিষয়ে সরকারের সঙ্গে দলটির কয়েক দফা আলোচনা হলেও তাদের দাবির বিষয়ে এখনো চূড়ান্ত সমঝোতা হয়নি।
সূত্র: দ্য নিউজ, ডন








