Logo

একে একে ইমরান খানের তিন বোন আটক

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২১ সেপ্টেম্বর, ২০২৬, ২১:৩৬
একে একে ইমরান খানের তিন বোন আটক
ছবি: সংগৃহীত

পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানের তিন বোনকে লাহোরে ৩০ দিনের জন্য আটক করেছে কর্তৃপক্ষ। পিটিআইয়ের ঘোষিত ২৭ সেপ্টেম্বরের দেশব্যাপী বিক্ষোভ ও ইসলামাবাদ অভিমুখে মিছিলের কয়েক দিন আগে তাদের আটক করা হলো।

বিজ্ঞাপন

ইমরানের বোন আলিমা খানকে রোববার লাহোরের ডেপুটি কমিশনারের আদেশে আটক করা হয়। তাকে পাঞ্জাবের মেইনটেন্যান্স অব পাবলিক অর্ডার (MPO) অধ্যাদেশের ৩ নম্বর ধারায় ৩০ দিনের জন্য আটক রাখার নির্দেশ দেওয়া হয়। পরে তাকে কোট লাখপত কারাগারে পাঠানো হয়।

এর এক দিন পর সোমবার ইমরানের অন্য দুই বোন—ডা. উজমা খান ও নোরিন নিয়াজিকেও একই আইনের আওতায় ৩০ দিনের জন্য আটক করা হয়। লাহোরের ডেপুটি কমিশনারের কার্যালয়ের আদেশ অনুযায়ী, তাদের কোট লাখপত কারাগারে পাঠানোর কথা রয়েছে।

পিটিআইয়ের কেন্দ্রীয় তথ্যসচিব শেখ ওয়াকাস আকরাম অভিযোগ করেন, পুলিশ উজমা ও নোরিনের পাশাপাশি পরিবারের অন্য সদস্যদেরও হেফাজতে নিয়েছিল। পরে শিশুদের ছেড়ে দেওয়া হয় বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

ডেপুটি কমিশনারের আদেশে বলা হয়েছে, উজমা ও নোরিন সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে কর্মীদের সংগঠিত করে জনশৃঙ্খলার পরিস্থিতি তৈরি করতে পারেন—এমন আশঙ্কায় তাদের আটক করা হয়েছে। তবে তাদের পরিবারের পক্ষ থেকে এসব আটকাদেশকে চ্যালেঞ্জ করা হয়েছে।

ইমরানের তিন বোনের আটকাদেশের বিরুদ্ধে সোমবার লাহোর হাইকোর্টে আবেদন করা হয়েছে। আলিমা খানের ছেলে শাহরেজ খান এই আবেদন করেন। এতে দাবি করা হয়েছে, আটকাদেশ জারির ক্ষেত্রে আইনি প্রক্রিয়া যথাযথভাবে অনুসরণ করা হয়নি এবং আটকের নির্দিষ্ট কারণ যথাসময়ে জানানো হয়নি।

২৭ সেপ্টেম্বর পিটিআইয়ের কর্মসূচি

বিজ্ঞাপন

ইমরান খানের মুক্তি এবং সংবিধানের প্রাধান্য নিশ্চিত করার দাবিতে আগামী ২৭ সেপ্টেম্বর দেশব্যাপী বিক্ষোভ ও ইসলামাবাদ অভিমুখে মিছিলের ঘোষণা দিয়েছে পিটিআই। কর্মসূচিকে সামনে রেখে পাঞ্জাবের বিভিন্ন এলাকায় দলটির নেতাকর্মীদের আটক করার খবরও এসেছে।

সাহিওয়ালে পিটিআইয়ের সাবেক মেয়র আসাদ খান বালুচ ও দলটির শহর সভাপতি মুহাম্মদ শহীদ চৌহানকে গ্রেপ্তার করা হয়েছে। ডন জানিয়েছে, সাম্প্রতিক অভিযানে সেখানে মোট ৪৭ জন পিটিআই কর্মী ও পদধারীকে কারাগারে পাঠানো হয়েছে।

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নকভিও সোমবার পিটিআইকে ২৭ সেপ্টেম্বরের কর্মসূচি থেকে সরে আসার আহ্বান জানিয়েছেন। সরকার জানিয়েছে, কর্মসূচি ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

অন্যদিকে পিটিআই চেয়ারম্যান ব্যারিস্টার গোহর আলী খান বলেছেন, তাদের কর্মসূচি শান্তিপূর্ণ হবে এবং রাজনৈতিক ও সাংবিধানিক দাবিগুলো আদায় করাই দলের লক্ষ্য। আলিমা খানকে আটকের পর তিনি সংঘাত বা সহিংসতা এড়িয়ে রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে দাবি আদায়ের কথা বলেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

ইমরান খান ২০২৩ সাল থেকে কারাগারে রয়েছেন। তার বিরুদ্ধে বিভিন্ন মামলায় সাজা হয়েছে এবং তিনি ও তার দল এসব মামলাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে আসছেন। পাকিস্তান সরকার অবশ্য এসব অভিযোগ প্রত্যাখ্যান করে।

ইমরানের তিন বোনকে একই সময়ে আটক এবং ২৭ সেপ্টেম্বরের কর্মসূচিকে ঘিরে পিটিআই নেতাকর্মীদের বিরুদ্ধে প্রশাসনের পদক্ষেপ পাকিস্তানের চলমান রাজনৈতিক উত্তেজনার নতুন দিক হিসেবে সামনে এসেছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD