Logo

স্রোতে ভেসে যাওয়া হস্তিশাবককে বাঁচিয়ে মায়ের কাছে ফেরালেন জেলেরা

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২২ সেপ্টেম্বর, ২০২৬, ১৫:২৮
স্রোতে ভেসে যাওয়া হস্তিশাবককে বাঁচিয়ে মায়ের কাছে ফেরালেন জেলেরা
ছবি: সংগৃহীত

প্রবল স্রোতে তিস্তা নদীতে ভেসে যাওয়া তিন-চার দিনের এক হস্তিশাবককে উদ্ধার করে মায়ের কাছে ফিরিয়ে দিয়েছেন স্থানীয় পাঁচ মৎস্যজীবী ও বনকর্মীরা। সোমবার পশ্চিমবঙ্গের ডুয়ার্সে এ ঘটনা ঘটে। হস্তিশাবক উদ্ধারের পর মা হাতির সঙ্গে তার পুনর্মিলনের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

বিজ্ঞাপন

সোমবার সকালে ডুয়ার্সের জঙ্গল থেকে সদ্যজাত সন্তানকে নিয়ে তিস্তা নদী পার হওয়ার চেষ্টা করছিল একটি মা হাতি। টানা বৃষ্টিতে নদীর পানি ও স্রোত বেড়ে যাওয়ায় একপর্যায়ে স্রোতে ভেসে যায় হস্তিশাবকটি। নদীর পাড়ে দাঁড়িয়ে মা হাতি অপেক্ষা করলেও প্রবল স্রোতের কারণে সন্তানকে উদ্ধার করতে পারেনি।

ভাসতে ভাসতে গজলডোবা থেকে প্রায় চার কিলোমিটার দূরে কাঠামবাড়ি এলাকার পাঞ্জাব বাঁধের ১২ নম্বর স্পারের কাছে পৌঁছে যায় হস্তিশাবকটি। নদীতে থাকা স্থানীয় মৎস্যজীবীরা সেটিকে দেখতে পেয়ে উদ্ধারে এগিয়ে আসেন।

অজয় দাস, বাবলু দাস, গোপাল দাস, মিঠু দাস ও বিশ্বনাথ দাস কাঠের নৌকা নিয়ে নদীতে নেমে হস্তিশাবকটিকে উদ্ধার করেন। পরে সেটিকে নৌকায় তুলে নদীর তীরে নিয়ে আসেন তারা।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

খবর পেয়ে আমবাড়ি, শালুগাড়া, বেলাকোবা, আপালচাঁদ ও তারগাড়া রেঞ্জের বনকর্মীরাও ঘটনাস্থলে পৌঁছান। উদ্ধার করা হস্তিশাবকটিকে কাঠামবাড়ি রেঞ্জ অফিসে নেওয়া হয়। সেখানে প্রায় দুই ঘণ্টা ধরে তাকে প্রাথমিক চিকিৎসা ও সেবাশুশ্রূষা দেওয়া হয়।

এরপর বৈকুণ্ঠপুরের জঙ্গলে মা হাতিটির সন্ধানে তল্লাশি শুরু করেন বনকর্মীরা। দীর্ঘ প্রচেষ্টার পর মা হাতিটির অবস্থান শনাক্ত করা হয়। পরে সতর্কতার সঙ্গে হস্তিশাবকটিকে তার মায়ের কাছে নিয়ে যাওয়া হয়।

সন্তানকে কাছে পেয়ে মা হাতিটি তাকে গ্রহণ করে। এভাবেই স্থানীয় মৎস্যজীবী ও বনকর্মীদের সম্মিলিত প্রচেষ্টায় প্রাণে বেঁচে যায় সদ্যজাত হস্তিশাবকটি এবং ফিরে পায় তার মাকে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD