স্ত্রীকে না জানিয়ে প্রেমিকাকে নিয়ে বিদেশযাত্রা, পাসপোর্টেই সব ফাঁস

স্ত্রীকে কিছু না জানিয়েই প্রেমিকাকে সঙ্গে নিয়ে বিদেশে ছুটি কাটানোর পরিকল্পনা করেছিলেন ভারতের পুনের ৪৬ বছর বয়সী এক ব্যবসায়ী। ব্যবসায়িক কাজে নিয়মিত বিদেশ যাওয়া-আসা করায় তার কথায় স্ত্রীও প্রথমে কোনো সন্দেহ করেননি। কিন্তু প্রেমিকার পাসপোর্ট নিয়ে তৈরি হওয়া জটিলতার কারণে শেষ পর্যন্ত প্রকাশ্যে চলে আসে পুরো পরিকল্পনা।
বিজ্ঞাপন
জানা গেছে, ওই ব্যবসায়ী স্ত্রীকে জানিয়েছিলেন, ব্যবসায়িক কাজে তিনি মালয়েশিয়ার কুয়ালালামপুরে যাচ্ছেন। তবে বাস্তবে তার উদ্দেশ্য ছিল প্রেমিকাকে সঙ্গে নিয়ে মালয়েশিয়ায় কয়েক দিন ছুটি কাটানো।
পরিকল্পনা অনুযায়ী প্রেমিকাকে নিয়ে মুম্বাই বিমানবন্দরে পৌঁছান তিনি। কিন্তু বিমানবন্দরে যাওয়ার পর প্রেমিকার পাসপোর্ট নিয়ে সমস্যা দেখা দেয়। জটিলতার কারণে ওই নারীকে বিদেশে যাওয়ার অনুমতি দেয়নি বিমানবন্দর কর্তৃপক্ষ। ফলে পরিকল্পনা অনুযায়ী মালয়েশিয়া যাওয়া সম্ভব হয়নি। প্রেমিকাকে সঙ্গে নিয়ে বিমানবন্দর থেকে বেরিয়ে আসতে হয় ওই ব্যবসায়ীকে।
এরপর প্রেমিকার সঙ্গে মুম্বাইতেই কয়েক দিন কাটানোর সিদ্ধান্ত নেন তিনি। কিন্তু স্ত্রীকে কীভাবে বিষয়টি বোঝাবেন, তা নিয়ে তৈরি হয় নতুন সমস্যা।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
পরিস্থিতি সামাল দিতে স্ত্রীকে ফোন করে ওই ব্যক্তি জানান, অভিবাসন-সংক্রান্ত সমস্যার কারণে তার মোবাইল ফোন জমা দিতে হচ্ছে। এরপর তিনি ফোনটি বন্ধ করে দেন। পরদিনও একবার স্ত্রীর সঙ্গে কথা বলেন। তবে এরপর তার ফোন পুরোপুরি বন্ধ হয়ে যায়।
স্বামীর সঙ্গে যোগাযোগ করতে না পেরে উদ্বিগ্ন হয়ে পড়েন স্ত্রী। একপর্যায়ে তিনি পুলিশের কাছে গিয়ে স্বামীকে সম্ভবত অপহরণ করা হয়েছে বলে অভিযোগ করেন।
বিজ্ঞাপন
পুলিশ বিষয়টি খতিয়ে দেখতে শুরু করলে শেষ পর্যন্ত আর গোপন রাখতে পারেননি ওই ব্যবসায়ী। পুলিশের কাছে তিনি পুরো ঘটনা স্বীকার করেন। জানান, অপহরণ নয়, বরং স্ত্রীকে না জানিয়ে প্রেমিকার সঙ্গে বিদেশে যাওয়ার পরিকল্পনাই করেছিলেন তিনি।
পুলিশের পক্ষ থেকে এ ঘটনায় তেমন কোনো ব্যবস্থা নেওয়ার সুযোগ না থাকলেও, স্বামীর গোপন সম্পর্ক ও মিথ্যার বিষয়টি জানার পর তার দাম্পত্য জীবনে কী ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে, সেটিই এখন আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।








