Logo

শক্তিশালী টাইফুন দুজুয়ানের তাণ্ডবে লন্ডভন্ড জাপান, নিহত ২

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২২ সেপ্টেম্বর, ২০২৬, ১৩:২৩
শক্তিশালী টাইফুন দুজুয়ানের তাণ্ডবে লন্ডভন্ড জাপান, নিহত ২
ছবি: সংগৃহীত

শক্তিশালী টাইফুন দুজুয়ানের আঘাতে জাপানে অন্তত দুজনের মৃত্যু হয়েছে। ঝড়ের প্রভাবে রাজধানী টোকিওর আশপাশের বিভিন্ন এলাকায় বন্যা ও ভূমিধস দেখা দিয়েছে। একই সঙ্গে ব্যাপকভাবে ব্যাহত হয়েছে বিমান ও রেল চলাচল। দুর্যোগের কারণে দেশটির ১৬ লাখের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

গত সোমবার (২১ সেপ্টেম্বর) জাপানের রাজধানী টোকিওর কাছাকাছি এলাকায় আঘাত হানার সময় টাইফুন দুজুয়ানের বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় প্রায় ১৪৪ কিলোমিটার।

জাপানের কিয়োদো নিউজ জানিয়েছে, শক্তিশালী এই ঝড়ে এখন পর্যন্ত দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

উপকূল থেকে সরে যাচ্ছে টাইফুন

বিজ্ঞাপন

জাপান আবহাওয়া সংস্থা জানিয়েছে, মঙ্গলবার ভোরের দিকে দুজুয়ান জাপানের উপকূল থেকে দূরে সরে উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়। পরে এটি সমুদ্রের দিকে এগিয়ে আলেউশিয়ান দ্বীপপুঞ্জের দিকে চলে যাচ্ছিল। এ সময় টাইফুনটির শক্তিও কিছুটা কমে আসে।

তবে ঝড়ের প্রভাবে জাপানের কিছু এলাকায় আরও বৃষ্টিপাত হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া সংস্থা। সংস্থাটির কর্মকর্তা তাকুয়া হোসোমি বলেন, সতর্কতা জারি থাকা এলাকাগুলোতে টাইফুন উত্তর দিকে এগিয়ে যাওয়ার সময়ও বৃষ্টি অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বাতিল শত শত ফ্লাইট

টাইফুনের কারণে জাপানে বিমান চলাচল ব্যাপকভাবে ব্যাহত হয়েছে। সোমবার জাপান এয়ারলাইনস ১৩৫টি ফ্লাইট বাতিল করেছে। অন্যদিকে অল নিপ্পন এয়ারওয়েজ বাতিল করেছে আরও ১৪০টি ফ্লাইট। ফলে বিভিন্ন বিমানবন্দরে অনেক যাত্রী আটকা পড়েছেন।

দুর্যোগের প্রভাব পড়েছে রেল যোগাযোগেও। জাপান রেলওয়েজের কয়েকটি ট্রেনসেবা বন্ধ রাখা হয়েছে। টোকিও ও ওসাকার মধ্যে চলাচলকারী বুলেট ট্রেনের কিছু সেবাও স্থগিত করা হয়।

বিজ্ঞাপন

মাসিক গড়ের চেয়ে বেশি বৃষ্টির আশঙ্কা

জাপান আবহাওয়া সংস্থা আগেই ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছিল। সংস্থাটি জানিয়েছিল, মঙ্গলবার পর্যন্ত যে পরিমাণ বৃষ্টিপাত হতে পারে, তা সেপ্টেম্বর মাসের গড় বৃষ্টিপাতের চেয়েও বেশি হতে পারে।

কামাকুরার মেয়র তাকাশি মাতসুও সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় জানিয়েছেন, শহরের বিভিন্ন জায়গায় পানি জমেছে। এমন পরিস্থিতিতে গাড়ি নিয়ে চলাচল বিপজ্জনক বলেও সতর্ক করেছেন তিনি।

বিজ্ঞাপন

এদিকে টোকিওর পূর্বে অবস্থিত ইচিকাওয়া শহরের কিছু এলাকাও পানিতে তলিয়ে গেছে।

দুজুয়ান চলতি বছরে জাপানে আঘাত হানা ২৫তম টাইফুন। গ্রীষ্মের শেষ ও শরতের শুরুর দিকে জাপানে শক্তিশালী টাইফুনের আঘাত হানা অস্বাভাবিক নয়। তবে এবারের ঝড়ে ব্যাপক বৃষ্টিপাতের পাশাপাশি বন্যা, ভূমিধস এবং যোগাযোগব্যবস্থায় বড় ধরনের বিঘ্ন তৈরি হয়েছে।

সূত্র: আল-জাজিরা

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD