ট্রাম্প প্রশাসনের কৃতিত্ব প্রচারে চালু হলো ‘ট্রাম্প টিভি’

মূলধারার সংবাদমাধ্যমগুলোর সঙ্গে হোয়াইট হাউসের চলমান বিরোধের মধ্যেই ‘ট্রাম্প টিভি’ নামে ২৪ ঘণ্টার নতুন একটি স্ট্রিমিং প্ল্যাটফর্ম চালু করা হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) টাইমস নাউয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞাপন
প্রতিবেদন অনুযায়ী, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিএনএন, এমএস নাউ ও পলিটিকোকে হোয়াইট হাউসে নিষিদ্ধ করার কয়েক দিনের মধ্যেই নতুন এই সম্প্রচার উদ্যোগ নেওয়া হয়েছে।
হোয়াইট হাউসের সরকারি ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত এই স্ট্রিমিং সেবায় ট্রাম্প প্রশাসনের গুরুত্বপূর্ণ বিভিন্ন মুহূর্ত ও কৃতিত্ব তুলে ধরা হবে। পাশাপাশি ট্রাম্পের গুরুত্বপূর্ণ বক্তব্য এবং প্রশাসনের প্রধান খবরগুলো সার্বক্ষণিক সরাসরি সম্প্রচার করা হবে বলে হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে।
এদিকে হোয়াইট হাউসের নিষেধাজ্ঞার বিরুদ্ধে সিএনএন, এমএস নাউ ও পলিটিকো যৌথভাবে ওয়াশিংটনের একটি আদালতে মামলা করেছে। সংবাদমাধ্যমগুলোর অভিযোগ, তাদের সংবাদ পরিবেশন ট্রাম্পের পছন্দ না হওয়ায় এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তাদের দাবি, এমন সিদ্ধান্ত মার্কিন সংবিধানের প্রথম ও পঞ্চম সংশোধনীর স্পষ্ট লঙ্ঘন।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
অন্যদিকে ট্রাম্প তার ট্রুথ সোশ্যালের এক পোস্টে হোয়াইট হাউসের সিদ্ধান্তের পক্ষে অবস্থান নিয়েছেন। সেখানে তিনি ভুয়া খবরকে গণতন্ত্রের জন্য হুমকি হিসেবে উল্লেখ করেন। পাশাপাশি নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাতে প্রতিবেদন তৈরি করা সাংবাদিকদের হোয়াইট হাউসে প্রবেশাধিকার দেওয়া নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
অন্যান্য শীর্ষ মিডিয়া নেটওয়ার্কগুলো সিএনএনের পাশে দাঁড়িয়ে বিকল্প কোনো প্রতিনিধি দল পাঠাতে অস্বীকৃতি জানায়। এবিসি, সিবিএস, সিএনএন, ফক্স নিউজ এবং এনবিসি এক যৌথ বিবৃতিতে বলেছে যে সরকার তাদের রিপোর্টিং পছন্দ না করার কারণে কোনো সংবাদ সংস্থাকে বিধিনিষেধের আওতায় আনতে পারে না।
বিজ্ঞাপন
নেটওয়ার্কগুলো সোমবার হোয়াইট হাউসের নতুন হেলিপ্যাড প্রদর্শনী অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করেনি। হেলিকপ্টারের বিকট শব্দের কারণে ট্রাম্পের বক্তব্য পরিষ্কার বোঝা যাচ্ছিল না এবং নিউ ইয়র্কের উদ্দেশে মেরিন ওয়ানে ওঠার আগে সাংবাদিকদের তোলা কোনো প্রশ্নের উত্তর দিতে তিনি অস্বীকার করেন।
সূত্র: টাইমস নাউ








