ইরানি ড্রোন হামলায় দুবাই বিমানবন্দরের কাছে আগুন, ফ্লাইট বন্ধ

দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর–এর কাছে ফের ড্রোন হামলার ঘটনা ঘটেছে। সোমবার (১৬ মার্চ) আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে একটি জ্বালানি ট্যাঙ্কে ড্রোনের আঘাতে আগুন লেগে যায়। এই ঘটনার জেরে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে দুবাই বিমানবন্দর থেকে সমস্ত বিমানের ওঠানামা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। খবর আল জাজিরা।
বিজ্ঞাপন
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ড্রোনের আঘাতে জ্বালানি ট্যাঙ্কে আগুন লাগার পরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়। আগুন নেভাতে ঘটনাস্থলে দুবাই সিভিল ডিফেন্স–এর সদস্যদের পাঠানো হয়েছে। একই সঙ্গে আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। এখন পর্যন্ত এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
জানা গেছে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে উপসাগরীয় অঞ্চলে হামলার ঘটনা শুরু হওয়ার পর এই নিয়ে বিশ্বের অন্যতম ব্যস্ত আন্তর্জাতিক ভ্রমণকেন্দ্র দুবাই বিমানবন্দরের কাছে তৃতীয়বারের মতো এমন ঘটনা ঘটল। তেহরান জানিয়েছে, এই ধরনের হামলার লক্ষ্য মূলত এ অঞ্চলে যুক্তরাষ্ট্রের উপস্থিতি।
বিজ্ঞাপন
সোমবারের এই ঘটনার পরেই কর্তৃপক্ষ ঘোষণা করে, যাত্রী এবং বিমানকর্মীদের সুরক্ষার কথা ভেবে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সমস্ত বিমানের ওঠানামা সাময়িক ভাবে বন্ধ রাখা হচ্ছে। বিমান সংক্রান্ত তথ্য জানতে যাত্রীদের সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে যোগাযোগের পরামর্শও দিয়েছেন কর্তৃপক্ষ।
পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত দুবাই বিমানবন্দরে পরিষেবা বন্ধ থাকবে। দুবাই বিমানবন্দর বিশ্বের ব্যস্ততম বিমানবন্দরগুলির মধ্যে অন্যতম। আকাশপথে বহু গুরুত্বপূর্ণ শহরের সেতুবন্ধনের কাজ করে দুবাই।
বিজ্ঞাপন
সোমবার সকালে আকস্মিকভাবে বিমান চলাচল বন্ধের ঘোষণার পর অনেক যাত্রী বিপাকে পড়েছেন। বেশ কিছু ফ্লাইটের সময়সূচিও পরিবর্তন করা হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ পৃথক ঘোষণায় জানিয়েছে, কিছু ফ্লাইট বিকল্প ব্যবস্থা হিসেবে আল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গন্তব্যের উদ্দেশে ছেড়ে যাবে। এতে করে যাত্রীদের ভোগান্তি কমানোর চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।








