Logo

এবার কলকাতার মার্কেটে বাংলাদেশি ক্রেতাদের ভিড় নেই

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৬ মার্চ, ২০২৬, ১৪:২৩
এবার কলকাতার মার্কেটে বাংলাদেশি ক্রেতাদের ভিড় নেই
ছবি: সংগৃহীত

ঈদুল ফিতর সামনে রেখে কলকাতার ঐতিহ্যবাহী নিউ মার্কেটে এখন জমজমাট কেনাকাটা চলছে। বাজারজুড়ে ক্রেতা-বিক্রেতাদের ব্যস্ততা থাকলেও এবার বাংলাদেশি ক্রেতাদের উপস্থিতি তুলনামূলকভাবে কম বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

বিজ্ঞাপন

ব্যবসায়ীদের ভাষ্য, এবারের ঈদের বাজারে বাংলাদেশি ক্রেতার সংখ্যা আগের তুলনায় কম। যারা এসেছেন, তাদের বেশিরভাগই চিকিৎসা ভিসায় কলকাতায় অবস্থান করছেন। চিকিৎসা ব্যয় মিটিয়ে অবশিষ্ট অর্থ দিয়ে তারা কিছু কেনাকাটা করছেন।

তবে ব্যবসায়ীরা আশাবাদী। তাদের মতে, বাংলাদেশে নতুন সরকার গঠনের পর দুই দেশের সহযোগিতায় ভ্রমণ ভিসা সংক্রান্ত জটিলতা দ্রুত কাটতে পারে। যদিও চিকিৎসার পাশাপাশি অনেক বাংলাদেশি শেষ মুহূর্তে কিছু কেনাকাটাও সেরে নিচ্ছেন। ফলে আগের তুলনায় শহরে বাংলাদেশিদের উপস্থিতি কিছুটা বেড়েছে বলেও মনে করছেন অনেকে।

বিজ্ঞাপন

গত দুই বছর বাদ দিলে একসময় ঈদের আগে নিউ মার্কেট বাংলাদেশি ক্রেতাদের ভিড়ে মুখর থাকত। কিন্তু চলতি বছর সেই চেনা ভিড় তেমন দেখা যাচ্ছে না। ব্যবসায়ীদের মতে, বাজার খুব খারাপও নয় আবার খুব ভালোও নয়—মোটামুটি চলছে। মূলত পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে আসা ক্রেতা এবং সীমিত সংখ্যক বাংলাদেশির উপস্থিতিতেই বাজারে কিছুটা ভিড় দেখা যাচ্ছে।

নিউ মার্কেটের একটি থ্রিপিসের দোকানের ম্যানেজার চুনরীলাল বলেন, বাজার মোটামুটি চলছে। গত বছরের তুলনায় বাংলাদেশি ক্রেতা কিছুটা বেড়েছে ঠিকই, তবে তারা মূলত চিকিৎসা ভিসায় এসেছেন। চিকিৎসার খরচ মেটানোর পর যা থাকে, তা দিয়েই কিছু কেনাকাটা করছেন। ফলে আগের মতো বিক্রি হয়নি।

বিজ্ঞাপন

তার মতে, দ্রুত ভ্রমণ ভিসা চালু হওয়া প্রয়োজন। এজন্য ভারত ও বাংলাদেশের উভয় সরকারের আন্তরিক উদ্যোগ দরকার। তিনি জানান, অনেক বাংলাদেশি ভ্রমণ ভিসা চালুর অপেক্ষায় আছেন। ভিসা চালু হলে দুই বাংলার ব্যবসা-বাণিজ্যও উপকৃত হবে।

আরেক ব্যবসায়ী বলেন, বাজার মোটামুটি হলেও বাংলাদেশি ক্রেতা না এলে নিউ মার্কেটের বেচাকেনা বাড়ে না। পর্যটকদের কাছে কেনাকাটার অন্যতম প্রধান জায়গা এটি। ভিসা বন্ধ থাকলে মানুষ আসবে কীভাবে? তবে খুব শিগগির পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করছেন তিনি।

এদিকে দোকানপাটে কিছু বাংলাদেশি ক্রেতা দেখা গেলেও ফুটপাতের ব্যবসায়ীরা সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন। ফুটপাতের ব্যবসায়ী বিকাশ সিং বলেন, তাদের প্রায় ৬০ শতাংশ ক্রেতাই বাংলাদেশি। তারা না থাকায় ব্যবসায় বড় ধরনের প্রভাব পড়েছে।

বিজ্ঞাপন

অন্যদিকে হোটেল ব্যবসায়ীদের মতে, আগের তুলনায় পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। গত দুই বছরে বাংলাদেশি পর্যটকদের উপস্থিতি প্রায় ছিল না বললেই চলে। ধীরে ধীরে সেই স্থবিরতা কাটতে শুরু করেছে।

চিকিৎসার পাশাপাশি অনেক বাংলাদেশি দেশে ফেরার আগে ঈদের কেনাকাটাও সেরে নিচ্ছেন। খুলনা থেকে আসা সেলিম বলেন, ঈদের আগে দেশে ফিরবেন। তাই পরিবারের জন্য কিছু কেনাকাটা করে নিচ্ছেন। মারকুইস স্ট্রিটে থাকা আরেক বাংলাদেশি জুয়েল জানান, মায়ের চিকিৎসা শেষ হয়েছে। দেশে ফেরার আগে পরিবারের কিছু আবদার পূরণ করতে কিছু কেনাকাটা করছেন।

বিজ্ঞাপন

এদিকে ঈদের কেনাকাটায় এখন নিউ মার্কেটে ভিড় করছেন পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার ক্রেতারাও। কেনাকাটার ফাঁকেই অনেকেই বাজারের খোলা জায়গায় ইফতার সেরে নিচ্ছেন। চারদিকে সরবত, কাটা ফল, ভাজাপোড়া ও নানা ধরনের ইফতারের আয়োজন দেখা যাচ্ছে। পাশের হগ মার্কেট থেকেও অনেকে খেজুর ও শুকনো ফল কিনছেন। ইফতার ও নামাজ শেষে আবার জমে উঠছে কেনাকাটা। দোকানপাটও খোলা থাকছে অনেক রাত পর্যন্ত।

সব মিলিয়ে গত দুই বছরের তুলনায় কলকাতায় বাংলাদেশি পর্যটকের সংখ্যা কিছুটা বেড়েছে। তবে ঈদের বাজারে আগের মতো ভিড় এখনও দেখা যাচ্ছে না। ব্যবসায়ীরা আশা করছেন, ভ্রমণ ভিসার জটিলতা কাটলে দুই বাংলার মানুষের যাতায়াত বাড়বে এবং নিউ মার্কেটের সেই চেনা জমজমাট ঈদের বাজার আবারও ফিরে আসবে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD