ইউক্রেনের ২৫০টি ড্রোন ধ্বংস করার দাবি রাশিয়ার

মস্কোর দিকে ধেয়ে আসা ২৫০টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে রাশিয়া। কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, অন্তত এক বছরের মধ্যে রুশ রাজধানীর ওপর এটিই ছিল সবচেয়ে বড় ড্রোন হামলার চেষ্টা।
বিজ্ঞাপন
মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন টেলিগ্রামে দেওয়া এক বার্তায় বলেন, গত দুই দিনে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মস্কোর দিকে সরাসরি অগ্রসর হওয়া এবং শহরের দ্বিতীয় প্রতিরক্ষা বলয়ের দিকে আসা প্রায় ২৫০টি শত্রু ইউএভি ধ্বংস করেছে।
আরও পড়ুন: লেবাননে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল
রাশিয়া ইউক্রেনে আর্টিলারি ও ড্রোন হামলা অব্যাহত রেখেছে। অন্যদিকে ইউক্রেন নাশকতামূলক দল ও ড্রোন ব্যবহার করে রাশিয়ার ভেতরে বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে বলে জানা গেছে। এসব অভিযানে রুশ এক জেনারেল নিহত হওয়ার পাশাপাশি তেল শোধনাগার ও পাইপলাইনও লক্ষ্যবস্তু হয়েছে।
বিজ্ঞাপন
সপ্তাহান্তের এই হামলার সময় মস্কোর প্রধান বিমানবন্দরগুলোতে সাময়িকভাবে ফ্লাইট সীমিত করা হয়েছিল বলে জানিয়েছে রাশিয়ার বেসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা। পরে ওই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়।
তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। মেয়র সোবিয়ানিন রুশ সশস্ত্র বাহিনীকে তাদের ভূমিকার জন্য ধন্যবাদ জানান।
বিজ্ঞাপন
মস্কো ও আশপাশের অঞ্চলের মোট জনসংখ্যা প্রায় দুই কোটি ২০ লাখ। এ বিষয়ে ইউক্রেনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
সূত্র: রয়টার্স








