ইসরায়েলে বৃষ্টির মতো ক্ষেপণাস্ত্র হামলা করছে ইরান

ইরানের ওপর চাপিয়ে দেওয়া যুদ্ধের জবাবে ইসরায়েল এবং পারস্য উপসাগরীয় অঞ্চলে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি)।
বিজ্ঞাপন
সোমবার দেওয়া এক বিবৃতিতে সংস্থাটি জানায়, ‘অপারেশন ট্রু প্রমিজ–৪’ অভিযানের অংশ হিসেবে হামলার ৫৫তম ধাপ শুরু করা হয়েছে। এতে ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো লক্ষ্যবস্তু করা হয়েছে বলে দাবি করা হয়।
আইআরজিসির দাবি, অভিযানে তেল আবিব এবং বেন গুরিয়ন বিমানবন্দরসহ বিভিন্ন সামরিক ও কৌশলগত স্থাপনায় আঘাত হানা হয়েছে। ইসরায়েলের মহাকাশ গবেষণা ও সমরাস্ত্র উৎপাদন কেন্দ্র এবং আকাশপথে জ্বালানি সরবরাহের লজিস্টিক কেন্দ্রগুলোকেও লক্ষ্য করা হয়েছে।
বিজ্ঞাপন
বিবৃতিতে বলা হয়, হামলায় ফাত্তাহ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, কদর ও এমাদ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রসহ বিভিন্ন ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছে। পাশাপাশি বিপুলসংখ্যক আত্মঘাতী ড্রোনও মোতায়েন করা হয়।
এ ছাড়া মধ্যপ্রাচ্যে অবস্থানরত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতেও হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে আইআরজিসি। আল ধাফরা বিমানঘাঁটি, জুফায়ার নৌঘাঁটি এবং শেখ ইসা বিমানঘাঁটিকে লক্ষ্য করে ফাতেহ, জুলফিকার ও দেজফুল নামের মধ্যপাল্লার ক্ষেপণাস্ত্র এবং উন্নত ড্রোন ব্যবহার করা হয়েছে বলে জানানো হয়।
বিজ্ঞাপন
গত ২৮ ফেব্রুয়ারি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ কয়েকজন সামরিক কমান্ডার ও বেসামরিক নাগরিক নিহত হওয়ার ঘটনার পর তেহরান এ ধরনের পাল্টা পদক্ষেপ নিয়েছে বলে উল্লেখ করা হয়। ইরানের ভেতরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলায় ব্যাপক প্রাণহানি ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতির পর দেশটির সশস্ত্র বাহিনী দফায় দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে বলে জানানো হয়েছে।
সূত্র: তাসনিম নিউজ








