ইসরায়েলি হামলায় ইরানের গোয়েন্দামন্ত্রী ইসমাইল খতিব নিহত

ইরানের জাতীয় নিরাপত্তা পর্ষদের প্রধান আলী লারিজানির হত্যার একদিনের মধ্যেই দেশটির গোয়েন্দা বিষয়কমন্ত্রী ইসমাইল খতিবকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ বুধবার জানিয়েছেন, মঙ্গলবার রাতে এক অভিযানে খতিব নিহত হয়েছেন। তবে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি তেহরান।
বিজ্ঞাপন
ইসরায়েলের দাবি সত্য হলে, গত দুই দিনের মধ্যে ইরানের শীর্ষ পর্যায়ের তৃতীয় উচ্চপ্রোফাইল হত্যাকাণ্ড হবে এটি। এর আগে মঙ্গলবার ইসরায়েলি বিমান হামলায় ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানি এবং আধাসামরিক বাহিনী বাসিজের প্রধান গোলামরেজা সোলেইমানি নিহত হন বলে দাবি করা হয়।
আরও পড়ুন: ইরানের হামলায় ইসরায়েলে নিহত ২, আহত ১৯২
দুই দিনে ইরানের শীর্ষ তিন কর্মকর্তার মৃত্যুর ঘটনা দেশটির জন্য বড় ধাক্কা হিসেবে বিবেচিত হচ্ছে। বুধবার লারিজানি ও সোলেইমানির জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বিজ্ঞাপন
তবে লারিজানির মৃত্যুর ঘটনায় ইরানের নেতৃত্বে বড় প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এখনো বুঝতে পারেনি যে ইরানের রাষ্ট্রীয় কাঠামো কোনো একক ব্যক্তির ওপর নির্ভরশীল নয়।
অধিকৃত পশ্চিম তীর থেকে আল জাজিরার প্রতিনিধি নিদা ইব্রাহিম জানিয়েছেন, ইসমাইল খতিব ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির ঘনিষ্ঠ ও আস্থাভাজন হিসেবে পরিচিত বলে ধারণা করছেন ইসরায়েলি সামরিক বিশ্লেষকরা।
ইসরায়েলি একাধিক সূত্র দাবি করেছে, গত ২৪ ঘণ্টায় পাওয়া গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তিনজন জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তার মৃত্যুর ঘোষণা দেওয়া সম্ভব হয়েছে।
বিজ্ঞাপন
পাশাপাশি ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ এবং প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ভবিষ্যতে অন্যান্য শীর্ষ ইরানি কর্মকর্তাদের লক্ষ্য করে হামলার আগাম অনুমোদন দিয়েছেন বলে জানানো হয়েছে, যাতে প্রতিবার আলাদা করে অনুমতির প্রয়োজন না হয়।
এর আগে ইরান সরকার আলী লারিজানি এবং আইআরজিসি-নিয়ন্ত্রিত বাসিজ বাহিনীর কমান্ডার গোলামরেজা সোলেইমানির মৃত্যুর খবর নিশ্চিত করে। লারিজানি ছিলেন দেশটির প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব; তিনি পশ্চিমা দেশগুলোর সঙ্গে পারমাণবিক আলোচনায় নেতৃত্ব দেন এবং অতীতে পার্লামেন্টের স্পিকার হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
বিজ্ঞাপন
সূত্র: আল জাজিরা








