ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করল তুরস্ক ও সিঙ্গাপুর

পবিত্র রমজান মাস শেষের দিকে এগিয়ে যাওয়ায় বিশ্বজুড়ে মুসলমানরা শাওয়াল মাসের চাঁদ দেখার অপেক্ষায় রয়েছেন। এর মধ্যেই তুরস্ক ও সিঙ্গাপুর সরকার নিজ নিজ দেশে ঈদুল ফিতর উদযাপনের সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে। জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব ও বৈজ্ঞানিক তথ্যের ভিত্তিতে দেশ দুটি ভিন্ন দিনে ঈদ পালনের সিদ্ধান্ত জানিয়েছে।
বিজ্ঞাপন
তুরস্কের ধর্মীয় কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটিতে আগামী শুক্রবার (২০ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।
জ্যোতির্বিদ্যাগত বিশ্লেষণ অনুযায়ী, বৃহস্পতিবার তুরস্ক ও আশপাশের অঞ্চলে শাওয়াল মাসের নতুন চাঁদ দৃশ্যমান হওয়ার সম্ভাবনা রয়েছে। এ কারণে শুক্রবার থেকেই দেশটিতে ঈদের উৎসব শুরু হবে বলে ঘোষণা দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
অন্যদিকে, সিঙ্গাপুরের ইসলামিক ধর্মীয় কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের দেশে ঈদুল ফিতর পালিত হবে শনিবার (২১ মার্চ)। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মতে, জ্যোতির্বৈজ্ঞানিক তথ্য অনুযায়ী বৃহস্পতিবার সিঙ্গাপুরের আকাশে শাওয়ালের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা নেই। ফলে দেশটিতে রমজান মাস ৩০ দিন পূর্ণ হওয়ার সম্ভাবনা থাকায় একদিন পর ঈদ পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দুই দেশের কর্তৃপক্ষই জানিয়েছে, বর্তমানে সেখানে রমজান মাসের ২৮তম দিন চলছে। আধুনিক প্রযুক্তি ও পূর্বনির্ধারিত জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব ব্যবহার করে তারা ঈদের সম্ভাব্য তারিখ নির্ধারণ করেছে।
বিজ্ঞাপন
ইসলামি ক্যালেন্ডার চাঁদ দেখার ওপর নির্ভরশীল হওয়ায় ভৌগোলিক অবস্থান ও সময়ের পার্থক্যের কারণে বিভিন্ন দেশে ঈদ উদযাপনের তারিখে ভিন্নতা দেখা যায়। এ কারণে বিশ্বের বিভিন্ন অঞ্চলে এক বা দুই দিনের ব্যবধানে ঈদ পালনের ঘটনা প্রায়ই দেখা যায়।








