উপসাগরীয় অঞ্চলে খোলা স্থানে ঈদের জামাত নিষিদ্ধ

মধ্যপ্রাচ্যে বিরাজমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির প্রেক্ষাপটে উপসাগরীয় কয়েকটি দেশে এবার খোলা মাঠে ঈদের জামাত আয়োজন না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় সংশ্লিষ্ট দেশগুলোর কর্তৃপক্ষ এই পদক্ষেপ নিয়েছে বলে জানা গেছে।
বিজ্ঞাপন
কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়, সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি এড়াতে এবার ঈদুল ফিতরের নামাজ শুধুমাত্র মসজিদের ভেতরে আদায়ের জন্য মুসল্লিদের নির্দেশ দেওয়া হয়েছে।
ইতোমধ্যে কাতার, কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে জনগণকে জানিয়ে দিয়েছে যে, তারা যেন ঈদের নামাজের জন্য খোলা ময়দান বা বড় সমাবেশস্থলে জড়ো না হন। সাধারণত প্রতিবছর এসব খোলা জায়গায় বিপুলসংখ্যক মুসল্লি একসঙ্গে ঈদের জামাতে অংশ নেন।
বিজ্ঞাপন
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, ইরানকে কেন্দ্র করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনা গোটা অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিকে জটিল করে তুলেছে। এর ফলে বড় ধরনের জনসমাগমকে ঝুঁকিপূর্ণ বিবেচনা করা হচ্ছে।
সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, সম্ভাব্য হামলা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে জনসমাগমের নিরাপত্তা পুনর্মূল্যায়ন করা হয়েছে। সেই বিবেচনায় খোলা স্থানে ঈদের জামাত বন্ধের এই সিদ্ধান্তকে একটি সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে দেখা হচ্ছে।
বিজ্ঞাপন
এ পরিস্থিতিতে মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং ঝুঁকি কমাতে সবাইকে নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।








