বাহরাইনের বিস্ফোরণে ব্যবহৃত ক্ষেপণাস্ত্র ইরানের নয়, যুক্তরাষ্ট্রের

বাহরাইনে সাম্প্রতিক বিস্ফোরণে ব্যবহৃত ক্ষেপণাস্ত্রটি ইরানের নয়, বরং যুক্তরাষ্ট্র পরিচালিত প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার অংশ হতে পারে—এমন তথ্য উঠে এসেছে একদল একাডেমিক গবেষকের বিশ্লেষণে। এই বিশ্লেষণটি পর্যালোচনা করেছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স।
বিজ্ঞাপন
গত ৯ মার্চ ভোরে বাহরাইনে সংঘটিত ওই বিস্ফোরণে শিশুসহ অন্তত ৩২ জন আহত হন, যাদের কয়েকজনের অবস্থা গুরুতর ছিল। ঘটনার পরপরই বাহরাইন ও যুক্তরাষ্ট্র এ ঘটনার জন্য ইরানি ড্রোন হামলাকে দায়ী করেছিল।
তবে পরবর্তীতে রয়টার্সকে দেওয়া এক প্রতিক্রিয়ায় বাহরাইন প্রথমবারের মতো স্বীকার করেছে, রাজধানী মানামার উপকণ্ঠে সিত্রা দ্বীপের মাহাজ্জা এলাকায় সংঘটিত বিস্ফোরণে একটি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র জড়িত ছিল। এলাকাটি একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারের কাছাকাছি অবস্থিত।
বিজ্ঞাপন
বাহরাইনের এক সরকারি মুখপাত্র জানান, ওই ক্ষেপণাস্ত্রটি আকাশে একটি সন্দেহভাজন ড্রোন প্রতিহত করতে সক্ষম হয়েছিল, ফলে বড় ধরনের প্রাণহানি এড়ানো গেছে। তিনি আরও বলেন, ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা সরাসরি ক্ষেপণাস্ত্র বা ড্রোনের আঘাত থেকে হয়নি।
তবে এ ঘটনায় ইরানি ড্রোন জড়িত ছিল—এমন কোনো সুস্পষ্ট প্রমাণ এখনো বাহরাইন বা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে প্রকাশ করা হয়নি।








