Logo

ইরানি কূটনীতিকদের বহিষ্কার করল সৌদি আরব, দেশ ছাড়ার নির্দেশ

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৩ মার্চ, ২০২৬, ১৭:০০
ইরানি কূটনীতিকদের বহিষ্কার করল সৌদি আরব, দেশ ছাড়ার নির্দেশ
ছবি: সংগৃহীত

কাতারের পর এবার ইরানের কূটনীতিকদের বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব। দেশটির ভূখণ্ডে ধারাবাহিক হামলার প্রতিবাদে ইরানের সামরিক অ্যাটাশেসহ দূতাবাসের পাঁচ কর্মকর্তাকে অবাঞ্ছিত ঘোষণা করেছে রিয়াদ এবং তাদের ২৪ ঘণ্টার মধ্যে দেশ ছাড়তে নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (২১ মার্চ) সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, রিয়াদে নিযুক্ত ইরানের সামরিক অ্যাটাশে, সহকারী সামরিক অ্যাটাশে এবং মিশনের আরও তিন সদস্যকে ‘পারসোনা নন গ্রাটা’ ঘোষণা করা হয়েছে।

এ সিদ্ধান্ত এমন সময়ে নেওয়া হলো, যখন যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের সংঘাত ঘিরে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ক্রমেই অস্থিতিশীল হয়ে উঠছে। অভিযোগ রয়েছে, ইরান উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশে মার্কিন স্বার্থসংশ্লিষ্ট স্থাপনা লক্ষ্য করে হামলা চালাচ্ছে। তবে এসব হামলায় বেসামরিক এলাকা ও জ্বালানি স্থাপনাও ক্ষতিগ্রস্ত হচ্ছে, যা আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

বিজ্ঞাপন

সৌদি আরবের দাবি, যুদ্ধ শুরুর পর থেকে দেশটিতে শতাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে, যদিও অধিকাংশই প্রতিহত করা সম্ভব হয়েছে। হামলায় পূর্বাঞ্চলের জ্বালানি স্থাপনা এবং রাজধানী রিয়াদ একাধিকবার লক্ষ্যবস্তু হয়েছে। চলতি মাসের শুরুতে রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসকেও লক্ষ্য করে দুটি ড্রোন হামলার ঘটনা ঘটে।

এর আগে গত বুধবার কাতারও একই ধরনের পদক্ষেপ নেয়। দোহায় ইরানি দূতাবাসের সামরিক ও নিরাপত্তা সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবাঞ্ছিত ঘোষণা করে দেশটি।

মূলত ইরানের সাউথ পার্স গ্যাসক্ষেত্রে ইসরায়েলের হামলার পর কাতারের প্রধান গ্যাস স্থাপনা রাস লাফানে পাল্টা হামলার ঘটনায় উপসাগরীয় দেশগুলোর সঙ্গে তেহরানের কূটনৈতিক সম্পর্কের অবনতি আরও তীব্র হয়।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD