যুদ্ধ শুরুর পর ইসরায়েলে ৪০০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান

ইরানের সঙ্গে ইসরায়েল ও র যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ৪০০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী।
বিজ্ঞাপন
রোববার এক বিবৃতিতে দেশটির সামরিক বাহিনী জানায়, গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া সংঘাতের পর বিভিন্ন অঞ্চলে এসব ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। তবে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বেশিরভাগ হামলাই প্রতিহত করতে সক্ষম হয়েছে বলে দাবি করা হয়। তাদের তথ্য অনুযায়ী, নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রের প্রায় ৯২ শতাংশ আকাশেই ধ্বংস করা হয়েছে।
ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল নাদাভ শোশানি বলেন, ইরান ৪০০টির বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এবং সেগুলো প্রতিহত করার ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য পাওয়া গেছে।
বিজ্ঞাপন
এদিকে শনিবার দক্ষিণ ইসরায়েলের দুটি শহরে ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এতে প্রায় ১৮০ জন চিকিৎসাসেবা নিয়েছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
অন্যদিকে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু চলমান যুদ্ধে বিশ্বনেতাদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন। রোববার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের সময় তিনি বলেন, ইরান শুধু ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের জন্য নয়, বরং বৈশ্বিক নিরাপত্তার জন্যও হুমকি।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়া এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সক্ষমতা প্রদর্শনের মাধ্যমে ইরান আন্তর্জাতিক জ্বালানি সরবরাহসহ বিশ্বব্যাপী স্থিতিশীলতাকে ঝুঁকির মধ্যে ফেলছে। এ পরিস্থিতিতে বিশ্বনেতাদের আরও সক্রিয় ভূমিকা নেওয়ার প্রয়োজন রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
সূত্র: আল জাজিরা, টাইমস অব ইসরায়েল








