ইরান যুদ্ধ নতুন ও ভয়াবহ পর্যায়ে প্রবেশের আশঙ্কা: অধ্যাপক এলমাসরি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান সংঘাত ক্রমেই নতুন ও বিপজ্জনক এক পর্যায়ে পৌঁছাতে পারে বলে সতর্ক করেছেন দোহা ইনস্টিটিউট ফর গ্র্যাজুয়েট স্টাডিজের মিডিয়া স্টাডিজ বিভাগের অধ্যাপক মোহাম্মদ এলমাসরি।
বিজ্ঞাপন
কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, প্রতিদিনই এই যুদ্ধে উত্তেজনা বাড়ছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলার হুমকি দেওয়ার পর পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। এর জবাবে ইরানও পাল্টা হামলার মাত্রা বাড়িয়েছে।
তিনি জানান, সংঘাত দিন দিন আরও বিপজ্জনক হয়ে উঠছে, বিশেষ করে সাধারণ মানুষের জন্য। তার দাবি, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনী শুধু সামরিক স্থাপনাই নয়, হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠানেও হামলা চালিয়েছে। এতে পাঁচ হাজারের বেশি আবাসিক ইউনিট ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিজ্ঞাপন
এলমাসরি আরও বলেন, ভারী বোমা ব্যবহারের কারণে অনেক ক্ষেত্রে পুরো আবাসিক ব্লক ধ্বংস হয়ে যাচ্ছে, যা মানবিক সংকটকে আরও গভীর করছে।
তিনি সতর্ক করে বলেন, পরিস্থিতি যেভাবে এগোচ্ছে, তাতে এই যুদ্ধ এক নতুন ও ভয়াবহ অধ্যায়ে প্রবেশ করতে পারে।
উল্লেখ্য, ইরানকে পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি থেকে বিরত রাখতে গত ২৮ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ হামলা চালিয়ে আসছে। এর পাল্টা হিসেবে ইরান ইসরায়েলসহ বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। পাশাপাশি মধ্যপ্রাচ্যের একাধিক দেশে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের স্বার্থসংশ্লিষ্ট স্থাপনাগুলোকেও লক্ষ্যবস্তু করা হচ্ছে, ফলে সংঘাতটি ধীরে ধীরে বিস্তৃত হচ্ছে।
বিজ্ঞাপন
সূত্র: আল-জাজিরা








