কলম্বিয়ায় সামরিক কার্গো উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৬৬

কলম্বিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে দেশটির সামরিক বাহিনীর একটি কার্গো উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে অন্তত ৬৬ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় সোমবার (২৩ মার্চ) ভোরে পুতোমায়ো বিভাগের পুয়ের্তো লেগুইজামো শহরের কাছে এই দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
সামরিক সূত্র জানিয়েছে, নিহতদের মধ্যে ৫৮ জন সেনাসদস্য, ছয়জন বিমান বাহিনীর সদস্য এবং দুজন পুলিশ কর্মকর্তা রয়েছেন। দুর্ঘটনার সময় উড়োজাহাজটিতে মোট ১২৫ জন আরোহী ছিলেন বলে জানা গেছে।
পুয়ের্তো লেগুইজামোর মেয়র লুইস এমিলিও বুস্টোস এক বিবৃতিতে বলেন, এটি অত্যন্ত মর্মান্তিক ঘটনা। এখন পর্যন্ত ৬৬ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা গেছে, তবে এই সংখ্যা আরও বাড়তে পারে।
বিজ্ঞাপন
জানা যায়, সি-১৩০ হারকিউলিস মডেলের উড়োজাহাজটি উড্ডয়নের কিছুক্ষণ পরই নিয়ন্ত্রণ হারিয়ে জঙ্গলে বিধ্বস্ত হয় এবং সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। ঘটনাস্থলটি ইকুয়েডর ও পেরুর সীমান্তবর্তী এলাকা।
এর আগে স্থানীয় প্রশাসনের এক কর্মকর্তা প্রাথমিকভাবে অন্তত ৩৩ জন নিহতের কথা জানিয়েছিলেন। পরে উদ্ধার তৎপরতা চলার সঙ্গে সঙ্গে মৃতের সংখ্যা বাড়তে থাকে। আহতদের চিকিৎসা ও সরিয়ে নেওয়ার কাজও অব্যাহত রয়েছে।
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে। সাম্প্রতিক সময়ে ওই সীমান্ত এলাকায় মাদক চোরাচালানকারী চক্র ও সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে যৌথ সামরিক অভিযান চলছিল।
বিজ্ঞাপন
দেশটির প্রতিরক্ষামন্ত্রী পেদ্রো সানচেস গভীর শোক প্রকাশ করে জানিয়েছেন, এই মুহূর্তে দুর্ঘটনার কারণ নির্ধারণ করা সম্ভব নয়। তিনি বলেন, এটি দেশের জন্য অত্যন্ত বেদনাদায়ক ঘটনা।
সামরিক কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, উড়োজাহাজটিতে ১১৪ জন সেনা সদস্য এবং ১১ জন ক্রু ছিলেন। তারা একটি ঘাঁটি থেকে অন্য একটি আমাজন অঞ্চলের ঘাঁটির দিকে যাচ্ছিলেন।
বিজ্ঞাপন
কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো ঘটনাটিকে ‘ভয়াবহ দুর্ঘটনা’ হিসেবে উল্লেখ করে সামরিক সরঞ্জাম আধুনিকায়নের ওপর গুরুত্ব দিয়েছেন।
উল্লেখ্য, চার ইঞ্জিনবিশিষ্ট টার্বোপ্রপ সি-১৩০ হারকিউলিস উড়োজাহাজটি লকহিড মার্টিনের নির্মিত এবং বিশ্বের বিভিন্ন দেশের সামরিক বাহিনীতে বহুল ব্যবহৃত হয়ে আসছে।
সূত্র: এএফপি








