হরমুজ প্রণালি পার হতে জাহাজপ্রতি ২৪ কোটি টাকা ট্রানজিট ফি নেবে ইরান

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই বৈশ্বিক বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি ব্যবহারে নতুন বার্তা দিয়েছে ইরান। দেশটি জানিয়েছে, নির্দিষ্ট কিছু জাহাজকে প্রণালিটি অতিক্রম করতে হলে প্রায় ২ মিলিয়ন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৪ কোটি ৫৭ লাখ টাকা) ট্রানজিট ফি দিতে হবে।
বিজ্ঞাপন
ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিটির সদস্য আলাদ্দিন বোরুজার্দি এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, নতুন এই কর ব্যবস্থা ইতোমধ্যে কার্যকর করা হয়েছে।
বোরুজার্দির মতে, এই পদক্ষেপ ইরানের সার্বভৌম ক্ষমতা ও প্রভাবের প্রতিফলন। দীর্ঘদিন পর হরমুজ প্রণালিতে একটি নতুন নিয়ন্ত্রণ কাঠামো প্রতিষ্ঠার অংশ হিসেবেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
তিনি আরও জানান, যুদ্ধ পরিস্থিতির কারণে রাষ্ট্রীয় ব্যয় বেড়ে যাওয়ায় এ ধরনের ফি আরোপ প্রয়োজন হয়ে পড়েছে। প্রণালিটি দিয়ে যাতায়াতকারী জাহাজ থেকে ট্রানজিট ফি আদায়কে তিনি ইরানের কৌশলগত অবস্থানের প্রতিফলন হিসেবে উল্লেখ করেন।
এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, নির্ধারিত সময়ের মধ্যে হরমুজ প্রণালি খুলে না দিলে ইরানের বিদ্যুৎ অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হতে পারে।
এর জবাবে তেহরান পাল্টা হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, প্রয়োজনে ইসরায়েলের জ্বালানি স্থাপনাগুলোকেও লক্ষ্যবস্তু করা হবে এবং অল্প সময়ের মধ্যেই সেগুলো ধ্বংস করার সক্ষমতা তাদের রয়েছে।








