যত দ্রুত সম্ভব ইসরায়েল থেকে নাগরিকদের সরে যাওয়ার নির্দেশ চীনের

মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান নিরাপত্তা ঝুঁকির প্রেক্ষাপটে ইসরায়েলে অবস্থানরত নিজেদের নাগরিকদের যত দ্রুত সম্ভব দেশ ত্যাগের আহ্বান জানিয়েছে চীন। একই সঙ্গে অপ্রয়োজনীয় ঝুঁকি এড়িয়ে দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়া বা দেশে ফিরে আসার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাস।
বিজ্ঞাপন
চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা শিনহুয়া জানিয়েছে, ইসরায়েলে অবস্থিত চীনা দূতাবাসের বরাত দিয়ে বলা হয়েছে- নিজেদের নাগরিকদের সরিয়ে নিতে মিশরের সঙ্গে সীমান্তবর্তী তাবা ক্রসিং ব্যবহার করে নতুন একটি উদ্ধার অভিযান আয়োজন করছে চীন সরকার।
দূতাবাসের ভাষ্য অনুযায়ী, ইসরায়েলের ওপর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পরিধি, সংখ্যা ও তীব্রতা আরও বেড়েছে। এতে হতাহতের সংখ্যা এবং সম্পদের ক্ষতি বাড়ছে। অনেকেই সময়মতো বোমা আশ্রয়কেন্দ্রে পৌঁছাতে না পারায় হতাহতের ঘটনা ঘটছে।
বিজ্ঞাপন
এ পরিস্থিতিতে এখনো যারা ইসরায়েলে অবস্থান করছেন, তাদের বিমানবন্দর, সমুদ্রবন্দর, বিদ্যুৎকেন্দ্র, তেল শোধনাগারসহ গুরুত্বপূর্ণ স্থাপনা ও সংবেদনশীল সামরিক এলাকা থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছে চীনা দূতাবাস।








