ইরানের প্রেসিডেন্টকে ট্রাম্পের সঙ্গে সংলাপে বসার আহ্বান শেহবাজ শরিফের

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি নিরসনে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান-কে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর সঙ্গে সংলাপে বসার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।
বিজ্ঞাপন
পাকিস্তান প্রধানমন্ত্রীর দপ্তর সোমবার এক বিবৃতিতে জানায়, ২২ মার্চ রোববার ঈদুল ফিতর ও নওরোজ উপলক্ষে পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেন শেহবাজ শরিফ। ওই ফোনালাপেই তিনি এ আহ্বান জানান।
বিবৃতিতে বলা হয়, দুই নেতার মধ্যে ফোনালাপটি ছিল আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ। এ সময় ইরানের জনগণের পক্ষ থেকে পাকিস্তানের জনগণকে ঈদুল ফিতর ও নওরোজের শুভেচ্ছা জানানো হয়। পাশাপাশি পাকিস্তানের পক্ষ থেকেও ইরানের জনগণের প্রতি সংহতি প্রকাশ করা হয় এবং সংঘাতে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।
বিজ্ঞাপন
প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেন, চলমান সংঘাত থেকে উত্তরণ ও উত্তেজনা কমাতে সংলাপ এবং কূটনৈতিক উদ্যোগই সবচেয়ে কার্যকর পথ। তিনি মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় পাকিস্তানের গঠনমূলক ভূমিকা অব্যাহত রাখার কথাও জানান।
ভৌগোলিকভাবে প্রতিবেশী দেশ পাকিস্তান ও ইরানের মধ্যে দীর্ঘদিনের কূটনৈতিক সম্পর্ক রয়েছে এবং দুই দেশের মধ্যে সীমান্তও বিদ্যমান।
অন্যদিকে, ইরানের পারমাণবিক কর্মসূচি ও ক্ষেপণাস্ত্র ইস্যুতে ওয়াশিংটনের সঙ্গে তেহরানের দীর্ঘদিনের বিরোধ চলছে। গত ৪ ফেব্রুয়ারি এ বিষয়ে আলোচনায় বসেন দুই দেশের প্রতিনিধিরা, যা কয়েক দফা চলার পর ২৭ ফেব্রুয়ারি কোনো চুক্তি ছাড়াই শেষ হয়।
বিজ্ঞাপন
এর পরবর্তী পরিস্থিতিতে নতুন করে উত্তেজনা বৃদ্ধি পায় বলে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে উল্লেখ করা হয়।
সূত্র: জিও টিভি








