ইরান যুদ্ধের প্রভাবে যুক্তরাষ্ট্রে গ্যাসের দাম ৩৬ শতাংশ বৃদ্ধি

ইরানকে কেন্দ্র করে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে যুক্তরাষ্ট্রে খুচরা পর্যায়ে গ্যাসের গড় দাম প্রতি গ্যালনে ৪ ডলার অতিক্রম করেছে। এটি তিন বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ পর্যায়। বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, মূল্য পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান গ্যাসবাডির প্রতিবেদন অনুযায়ী দেশটিতে গড়ে প্রতি গ্যালনে গ্যাসের দাম প্রায় ১.৬ ডলার বেড়েছে, যা শতকরা হিসেবে প্রায় ৩৬ শতাংশ বৃদ্ধি নির্দেশ করে।
বিজ্ঞাপন
এর আগে যুক্তরাষ্ট্রে সর্বশেষ ২০২২ সালের আগস্টে প্রতি গ্যালনে ৪ ডলারের এই সীমা অতিক্রম করেছিল গ্যাসের দাম। সেই সময় আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বাড়ার প্রধান কারণ ছিল রাশিয়ার ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক অভিযান।
বিশ্লেষকরা বলছেন, ইরান যুদ্ধের প্রভাবের কারণে আন্তর্জাতিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। এতে খুচরা পর্যায়ে গ্যাসের মূল্য বৃদ্ধি পাওয়া ছাড়াও সাধারণ ভোক্তা ও ব্যবসায়ীদের ওপর চাপ বেড়েছে।
বিজ্ঞাপন
২০২২ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণার সময় ডোনাল্ড ট্রাম্প জ্বালানির দাম কমানো এবং দেশীয় তেল ও গ্যাস উৎপাদন বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে সাম্প্রতিক পরিস্থিতিতে আন্তর্জাতিক বাজারের ওঠানামার কারণে ওই প্রতিশ্রুতির প্রভাব সীমিত হয়েছে।
গবেষকরা মনে করছেন, দীর্ঘমেয়াদে আন্তর্জাতিক রাজনৈতিক অস্থিরতা এবং যুদ্ধ পরিস্থিতি জ্বালানি দামের ওপর উল্লেখযোগ্য প্রভাব রাখবে, যা আমেরিকার ভোক্তা ও অর্থনীতির জন্য চ্যালেঞ্জ হিসেবে দাঁড়াবে।
সূত্র: আল-জাজিরা
বিজ্ঞাপন








