ইরানের বিপ্লবী গার্ডকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা আর্জেন্টিনার

ইরানের সেনাবাহিনীর বিশেষ ইউনিট ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)কে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে আর্জেন্টিনা। বুধবার (১ এপ্রিল) দেশটির প্রেসিডেন্টের দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞাপন
ঘোষণার পেছনে ১৯৯৪ সালের একটি রক্তাক্ত হামলার প্রসঙ্গ তুলে ধরা হয়েছে। সে বছর আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সে একটি ইহুদি সাংস্কৃতিক কেন্দ্রে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ হামলা চালায়। এতে ৮৫ জন নিহত ও শতাধিক মানুষ আহত হন। ওই হামলায় আইআরজিসির সম্পৃক্ততার অভিযোগ উল্লেখ করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে ২০১৯ সালে যুক্তরাষ্ট্র প্রথম দেশ হিসেবে আইআরজিসিকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করে। পরবর্তীতে কানাডাও একই পদক্ষেপ নেয়। এরপর ২০২৫ সালে অস্ট্রেলিয়া এবং চলতি বছরের জানুয়ারিতে ইউরোপীয় ইউনিয়নও একই ঘোষণা দেয়। সর্বশেষ সেই তালিকায় যুক্ত হলো আর্জেন্টিনা।
বিজ্ঞাপন
অন্যদিকে উপসাগরীয় অঞ্চলের কয়েকটি আরব দেশ—বিশেষ করে সৌদি আরব ও বাহরাইন—অনানুষ্ঠানিকভাবে দীর্ঘদিন ধরেই আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করে আসছে।
সূত্র: আল জাজিরা








