যুদ্ধ চললে হরমুজ প্রণালি কখনোই স্থিতিশীল থাকবে না: চীন

চীন সতর্ক করেছে, ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্রের সংঘাত চললে পারস্য উপসাগরের কৌশলগত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি কখনোই স্থিতিশীল থাকবে না। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বৃহস্পতিবার এই বার্তা দেন।
বিজ্ঞাপন
তিনি সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদের সঙ্গে ফোনালাপে যুদ্ধবিরতির আহ্বান জানান এবং বলেন, হরমুজ প্রণালি দিয়ে যাতায়াতের নিরাপত্তা সরাসরি ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের ওপর নির্ভরশীল। যতদিন যুদ্ধ চলবে, ততদিন এই জলপথ স্থিতিশীল হবে না।
এর আগে, বেইজিংয়ে পাকিস্তান ও চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকের পর যৌথ বিবৃতিতে মধ্যপ্রাচ্যে অবিলম্বে যুদ্ধবিরতি ও হরমুজ প্রণালিতে স্বাভাবিক নৌ-চলাচল নিশ্চিত করার আহ্বান জানানো হয়।
বিজ্ঞাপন
বর্তমানে ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ পঞ্চম সপ্তাহে প্রবেশ করেছে, যা বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহ ও সামুদ্রিক বাণিজ্যে অস্থিরতা সৃষ্টি করছে। ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে বিমান হামলা শুরু করে ইসরায়েল, এরপর যুক্তরাষ্ট্র ‘অপারেশন এপিক ফিউরি’ নামে সামরিক অভিযান শুরু করে। ইরানও পাল্টা হামলা চালাচ্ছে এবং হরমুজ প্রণালির নিয়ন্ত্রণে কঠোর অবস্থান নিয়েছে। চীন শুরু থেকেই এই সংঘাতের বিরোধিতা করে এসেছে এবং কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমাধান খোঁজার ওপর জোর দিচ্ছে।








