ইরানে যৌথ হামলায় পররাষ্ট্র উপদেষ্টা গুরুতর আহত, স্ত্রী নিহত

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় ইরানের শীর্ষ কূটনৈতিক উপদেষ্টা কামাল খারাজি গুরুতর আহত হয়েছেন এবং তার স্ত্রী নিহত হয়েছেন। বুধবার তেহরানে নিজ বাসভবনে এই হামলার ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
ইরানি গণমাধ্যমের তথ্য অনুযায়ী, হামলার পরপরই গুরুতর আহত অবস্থায় খারাজি ও তার স্ত্রীকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তার স্ত্রীকে মৃত ঘোষণা করেন। খারাজি বর্তমানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন।
কামাল খারাজি ১৯৯৭ থেকে ২০০৫ সাল পর্যন্ত ইরানের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি সর্বোচ্চ নেতার পররাষ্ট্র উপদেষ্টা এবং স্ট্র্যাটেজিক কাউন্সিল অন ফরেন রিলেশন্সের প্রধান হিসেবে দায়িত্বে ছিলেন। সাম্প্রতিক সময়ে নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিরও উপদেষ্টা হিসেবে কাজ করছিলেন।
বিজ্ঞাপন
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর মোজতবা খামেনি নেতৃত্ব গ্রহণ করেন। সেই হামলার পর থেকেই দুই পক্ষের মধ্যে সংঘাত তীব্র আকার ধারণ করে।
পারমাণবিক কর্মসূচি ও ক্ষেপণাস্ত্র ইস্যুতে দীর্ঘদিন ধরে ইরান ও পশ্চিমা বিশ্বের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। ফেব্রুয়ারিতে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে কয়েক দফা আলোচনা হলেও তা কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়।
এর পরদিন থেকেই যুক্তরাষ্ট্র ‘অপারেশন এপিক ফিউরি’ এবং ইসরায়েল ‘অপারেশন রোয়ারিং লায়ন’ নামে সামরিক অভিযান শুরু করে। প্রথম দিনেই ইরানের শীর্ষ পর্যায়ের বেশ কয়েকজন কর্মকর্তা নিহত হন।
বিজ্ঞাপন
এর পাল্টা জবাবে ইরানও মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে মার্কিন ঘাঁটি ও ইসরায়েলি লক্ষ্যবস্তুতে ধারাবাহিক হামলা চালিয়ে যাচ্ছে।
বর্তমান সংঘাতে এ পর্যন্ত ইরানে প্রায় ১ হাজার ৩৪০ জন নিহত হয়েছেন বলে জানা গেছে।
বিজ্ঞাপন
সূত্র: এএফপি/আল আরাবিয়া








