Logo

চুরি হওয়া ২ হাজার ৫০০ বছরের পুরোনো সোনার হেলমেট উদ্ধার

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২ এপ্রিল, ২০২৬, ১৮:২৪
চুরি হওয়া ২ হাজার ৫০০ বছরের পুরোনো সোনার হেলমেট উদ্ধার
ছবি: সংগৃহীত

নেদারল্যান্ডসের একটি জাদুঘর থেকে গত বছর চুরির ঘটনায় হারানো রোমানিয়ার প্রায় আড়াই হাজার বছরের পুরোনো অমূল্য সোনার হেলমেট উদ্ধার হয়েছে। ডাচ শিল্প-গোয়েন্দা আর্থার ব্র্যান্ড বৃহস্পতিবার এ খবর নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, “এটি অবিশ্বাস্য খবর। এর চেয়ে ভালো তথ্য আমরা আর আশা করতে পারতাম না।” তার কথার মাধ্যমে নিশ্চিত হলো, বহুল আলোচিত কোটোফেনেস্তি হেলমেট পুনরায় উদ্ধার হয়েছে।

প্রসিকিউটরদের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা এখনও আসেনি। তবে উদ্ধারকৃত হেলমেটটিতে সামান্য ক্ষতির চিহ্ন থাকতে পারে বলে জানা গেছে।

বিজ্ঞাপন

গত বছরের জানুয়ারিতে উত্তর নেদারল্যান্ডসের ড্রেন্টস জাদুঘরে একদল ডাকাত গভীর রাতে বিস্ফোরক ব্যবহার করে প্রবেশ করে। তারা প্রদর্শনী কক্ষের দরজা ও কাচ ভেঙে মূল্যবান প্রত্নবস্তু লুট করে নিয়ে যায়। চোরেরা কোটোফেনেস্তি হেলমেট ছাড়াও আরও তিনটি ডাসিয়ান স্বর্ণের ব্রেসলেট নিয়ে পালায়। এই নিদর্শনগুলো রোমানিয়ার জাতীয় ইতিহাস জাদুঘর থেকে প্রদর্শনের জন্য ধার দেওয়া হয়েছিল।

চুরির ঘটনায় রোমানিয়া ও নেদারল্যান্ডসে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক পর্যায়ে তল্লাশি চালানো হয় এবং উদ্ধার হওয়ায় ডাচ সরকার ৫৭ লাখ ইউরো ক্ষতিপূরণের আশঙ্কাও দূর হয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD