হাদি হত্যা : ফয়সালসহ তিনজনকে ১৪ দিনের রিমান্ডে দিল আদালত

ভারতে গ্রেপ্তার হওয়া শরিফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদসহ তিনজনকে ১৪ দিনের জেল রিমান্ডে পাঠানোর নির্দেশ দিয়েছেন কলকাতার একটি আদালত। একইসঙ্গে মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ১৬ এপ্রিল তারিখ নির্ধারণ করা হয়েছে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২ এপ্রিল) কলকাতার বিধাননগর মহকুমা আদালতে অভিযুক্তদের ভার্চুয়ালি হাজির করা হয়। শুনানি শেষে আদালত তাদের জেল রিমান্ডে পাঠানোর নির্দেশ দেন।
এদিন অবৈধ অনুপ্রবেশ সংক্রান্ত মামলায় পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) আদালতে বিভিন্ন নথি উপস্থাপন করে। তবে মূল দুই অভিযুক্ত দিল্লিতে পৃথক ইউএপিএ মামলায় ভারতের জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ)-এর হেফাজতে থাকায় তাদের সরাসরি আদালতে আনা হয়নি। তিনজনের মধ্যে ফিলিপ সাংমা দমদম সেন্ট্রাল জেল থেকে এবং ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেন দিল্লির এনআইএ হেফাজত থেকে ভার্চুয়ালি শুনানিতে যুক্ত হন।
বিজ্ঞাপন
প্রসঙ্গত, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যার পর বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে যান অভিযুক্তরা। প্রায় তিন মাস পর গত ২২ মার্চ পশ্চিমবঙ্গ পুলিশের হাতে গ্রেপ্তার হন শ্যুটার ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেন। সেদিনই তাদের বিধাননগর আদালতে হাজির করা হয়। পরদিন আদালতের অনুমতিতে এনআইএ তাদের জিজ্ঞাসাবাদের জন্য দিল্লিতে নিয়ে যায়, যেখানে তারা বর্তমানে হেফাজতে রয়েছেন।
এদিকে, একই হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ঢাকার একটি আদালত ১৯ এপ্রিল নতুন তারিখ নির্ধারণ করেছেন। বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত এ নির্দেশ দেন।








