ট্রাম্পকে ক্ষমতাচ্যুত করার দাবি যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতাদের

ইরানের বেসামরিক স্থাপনায় হামলার হুমকি এবং মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি উসকে দেওয়ার অভিযোগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ক্ষমতা থেকে সরানোর দাবি উঠেছে। দেশটির কয়েকজন প্রভাবশালী আইনপ্রণেতা সংবিধানের ২৫তম সংশোধনী প্রয়োগ করে তাকে অপসারণের আহ্বান জানিয়েছেন।
বিজ্ঞাপন
আইনপ্রণেতাদের মতে, ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্য ও পদক্ষেপ ‘উদ্বেগজনক’ পর্যায়ে পৌঁছেছে। বিশেষ করে গত কয়েকদিনে ইরানের সেতু ও বিদ্যুৎকেন্দ্র লক্ষ্য করে দেওয়া আল্টিমেটামকে অনেকেই সম্ভাব্য যুদ্ধাপরাধ হিসেবে দেখছেন।
অ্যারিজোনার কংগ্রেস সদস্য ইয়াসামিন আনসারি সামাজিক মাধ্যমে লিখেছেন, ট্রাম্প অবৈধ ও ধ্বংসাত্মক যুদ্ধের দিকে পরিস্থিতিকে ঠেলে দিচ্ছেন। মিনেসোটার আইনপ্রণেতা ইলহান ওমরও তীব্র সমালোচনা করে তাকে দ্রুত অপসারণের দাবি জানিয়েছেন।
বিজ্ঞাপন
নিউ মেক্সিকোর কংগ্রেস সদস্য মেলানি স্ট্যানসবারি মন্ত্রিসভার প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, এখনই ২৫তম সংশোধনী প্রয়োগের সময়। ডেমোক্র্যাট সিনেটর ক্রিস মারফিও একই ধরনের উদ্বেগ প্রকাশ করেছেন এবং ট্রাম্পের কর্মকাণ্ড নিয়ে কঠোর সমালোচনা করেছেন।
এমনকি সাবেক রিপাবলিকান কংগ্রেস সদস্য জো ওয়ালশও ট্রাম্পকে দেশ ও বিশ্বের জন্য ক্ষতিকর উল্লেখ করে তাকে অপসারণের দাবি জানিয়েছেন।
মার্কিন সংবিধানের ২৫তম সংশোধনী অনুযায়ী, ভাইস প্রেসিডেন্ট ও মন্ত্রিসভার অধিকাংশ সদস্য যদি মনে করেন প্রেসিডেন্ট দায়িত্ব পালনে অযোগ্য, তবে তাকে অপসারণের প্রক্রিয়া শুরু করা যায়।
বিজ্ঞাপন
বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির পাশাপাশি দেশের ভেতরে এই রাজনৈতিক চাপ যুক্তরাষ্ট্রকে একটি জটিল সংকটের দিকে ঠেলে দিচ্ছে।








