‘যুদ্ধবিরতির নামে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের স্বার্থ রক্ষা করছে পাকিস্তান’

পাকিস্তান যুদ্ধবিরতির আড়ালে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের স্বার্থ রক্ষা করছে বলে অভিযোগ করেছেন দেশটির প্রভাবশালী রাজনীতিক ও জমিয়তে উলামায়ে ইসলামের (জেইউআই-এফ) প্রধান মাওলানা ফজলুর রহমান। সোমবার (৬ এপ্রিল) রাতে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ও দেশের অভ্যন্তরীণ ইস্যু নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
বিজ্ঞাপন
সংবাদ সম্মেলনে তিনি জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আগামী ১২ এপ্রিল দেশব্যাপী বিক্ষোভের ঘোষণাও দেন।
বর্তমান সরকারকে যুক্তরাষ্ট্রের প্রভাবাধীন বলে উল্লেখ করে ফজলুর রহমান বলেন, ফিলিস্তিনের ঘটনার পর যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সঙ্গে নিয়ে ইরানে আগ্রাসন চালাচ্ছে এবং লেবাননেও হামলা অব্যাহত রেখেছে। তার অভিযোগ, এসব পরিস্থিতিতে পাকিস্তান সরকার যুদ্ধবিরতির আলোচনার নামে একদিকে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের স্বার্থ রক্ষা করছে, অন্যদিকে দেশের জনগণকে বিভ্রান্ত করছে।
বিজ্ঞাপন
তিনি আরও প্রশ্ন তোলেন, পাকিস্তানের পতাকাবাহী ১০টি জাহাজকে হরমুজ প্রণালি দিয়ে চলাচলের অনুমতির দাবি থাকলে দেশে তেলের দাম বাড়ানোর প্রয়োজন কেন হলো। এসব জাহাজ আদৌ দেশে এসেছে কি না এবং এলে সেগুলো খালাস হয়েছে কি না—তা স্পষ্ট করার আহ্বান জানান তিনি।
সেনাপ্রধান আসিম মুনির-এর সমালোচনা করে তিনি বলেন, হরমুজ প্রণালি পারাপারের বিষয়টি নিয়ে সরকার জনগণের সঙ্গে ‘প্রহসন’ করছে।
ফজলুর রহমানের দাবি, আন্তর্জাতিক পরিসরে যুক্তরাষ্ট্রের নীতির সমালোচনা বাড়লেও পাকিস্তান সরকার এখনও তাদের খুশি রাখতে কাজ করছে। পাশাপাশি আফগানিস্তান ও ভারতের সঙ্গে সম্পর্ক নিয়েও সরকারের নীতির সমালোচনা করেন তিনি।








