‘একটি গোটা সভ্যতাকে রক্ষা করল পাকিস্তান’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে দুই সপ্তাহের জন্য যুদ্ধবিরতিতে সম্মত হয়েছেন। রাত ৮টার সময়সীমা শেষ হওয়ার মাত্র দুই ঘণ্টা আগে এই সিদ্ধান্ত আসে।
বিজ্ঞাপন
মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমাতে পাকিস্তানের কূটনৈতিক প্রচেষ্টাই এই ফলাফলকে সম্ভব করেছে। পাক সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন এই ঘটনাকে উল্লেখ করে লিখেছে, ‘একটি গোটা সভ্যতাকে রক্ষা করল পাকিস্তান’।
ট্রাম্প সামাজিক মাধ্যমে জানিয়েছেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ও ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে আলোচনার ভিত্তিতে এবং তাদের অনুরোধে তিনি ইরানে পাঠানো ধ্বংসাত্মক হামলা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন। শর্ত হলো, ইসলামিক রিপাবলিক অব ইরান হরমুজ প্রণালি নিরাপদভাবে খুলে দেবে। ট্রাম্প বলেন, “আমি দুই সপ্তাহের জন্য ইরানে বোমা হামলা ও আক্রমণ স্থগিত রাখার জন্য রাজি। এটি দুই পক্ষের যুদ্ধবিরতি।”
বিজ্ঞাপন
তিনি আরও উল্লেখ করেন, “আমরা ইতিমধ্যেই সব সামরিক লক্ষ্য পূরণ করেছি এবং ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদি শান্তি চুক্তির দিকে অনেকটাই এগিয়ে গেছি। ইরানের ১০ দফা প্রস্তাব আলোচনার কার্যকর ভিত্তি হিসেবে গ্রহণ করা হয়েছে। দুই সপ্তাহের মধ্যে চূড়ান্ত চুক্তি সম্ভব হতে পারে।”
পাকিস্তানের প্রস্তাবে ট্রাম্পের হুমকি স্থগিত রাখা এবং হরমুজ প্রণালি দুই সপ্তাহের জন্য খুলে দেওয়ার শর্ত অন্তর্ভুক্ত ছিল। এই সময়ের মধ্যে যুদ্ধ বন্ধ এবং বড় চুক্তি আলোচনার পথ সুগম হবে। প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেন, কূটনৈতিক প্রচেষ্টা “স্থিরভাবে, শক্তভাবে ও জোরালোভাবে” এগিয়ে চলছে এবং তিনি ট্রাম্পকে সময়সীমা বাড়ানোর আবেদন করেছিলেন।
তবে কূটনৈতিক অগ্রগতির মাঝেও পরিস্থিতি উত্তপ্ত ছিল। তেহরান ও উপসাগরীয় অঞ্চলে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। মার্কিন ও ইসরায়েলি বাহিনী ইরানের সেতু, বিমানবন্দর ও জ্বালানি স্থাপনায় হামলা চালিয়েছে। ইরানের রেভোলিউশনারি গার্ড সৌদি আরবের জুবাইল পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে হামলার দায় স্বীকার করেছে। খারগ দ্বীপের প্রধান তেল রপ্তানি টার্মিনাল এবং আরাক ও মাহশাহরের শিল্প এলাকা লক্ষ্যবস্তু হয়।
বিজ্ঞাপন
সংঘাতে মানবিক বিপর্যয়ও দেখা দিয়েছে। ফেব্রুয়ারির শেষ থেকে শুরু হওয়া এই যুদ্ধে ইরানে দুই হাজারের বেশি মানুষ নিহত এবং কয়েক হাজার আহত হয়েছেন। আবাসিক এলাকা ও ধর্মীয় স্থাপনাও হামলার শিকার হয়েছে।
যুদ্ধবিরতি ঘোষণা পূর্ববর্তী সময়টিতে ট্রাম্পের হুমকি গোটা বিশ্বকে অস্থির করেছিল। পাকিস্তানের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার ফলে অন্তত সাময়িকভাবে সংঘাত থামার আশা দেখা দিয়েছে।
বিজ্ঞাপন
সূত্র: রয়টার্স, এএফপি








