যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরায়েলের হামলা

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর হলেও লেবাননে সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে ইসরায়েল। বুধবার সকালে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতি শুরু হয়, যেখানে ইসরায়েলও সম্মতি দেয়। তবে পরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এক বিবৃতিতে জানান, এই যুদ্ধবিরতির আওতায় লেবানন অন্তর্ভুক্ত নয়।
বিজ্ঞাপন
অন্যদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, এই যুদ্ধবিরতির পরিধিতে সংশ্লিষ্ট পক্ষগুলোর মিত্রদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে।
যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকা থেকে সাধারণ মানুষকে সরে যাওয়ার নির্দেশ দেয় ইসরায়েলি বাহিনী। দেশটির সেনাবাহিনীর আরবি ভাষার মুখপাত্র কর্নেল আভিচাই আদ্রেই সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় জানান, লেবাননে অভিযান চলমান রয়েছে এবং এই যুদ্ধবিরতি সেখানে প্রযোজ্য নয়। নিরাপত্তার স্বার্থে বাসিন্দাদের দ্রুত ঘরবাড়ি ছেড়ে জাহরানি নদীর উত্তরে সরে যাওয়ার আহ্বান জানানো হয়।
বিজ্ঞাপন
এছাড়া রাজধানী বৈরুতের দাহিয়েহ উপশহর থেকেও সাধারণ মানুষকে সরে যেতে বলা হয়েছে। এই এলাকা হিজবুল্লাহর শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত।
ইসরায়েলি বাহিনী জানিয়েছে, দাহিয়েহ অঞ্চলে হিজবুল্লাহর সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে তাদের অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে তারা দাবি করেছে, বেসামরিক মানুষের ক্ষতি এড়াতেই আগাম সতর্কবার্তা দিয়ে এলাকা খালি করার নির্দেশ দেওয়া হচ্ছে।
সূত্র: টাইমস অব ইসরায়েল








