দীর্ঘ ৪০ দিন পর খুলল আল-আকসা, মুসল্লিদের ঢল

টানা ৪০ দিন বন্ধ থাকার পর অবশেষে পবিত্র আল-আকসা মসজিদ খুলে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) ভোর থেকে মসজিদটিতে মুসল্লিদের ঢল নামে।
বিজ্ঞাপন
ইসরায়েলি কর্তৃপক্ষ গত ২৮ ফেব্রুয়ারি থেকে নিরাপত্তার কারণ দেখিয়ে মসজিদটি বন্ধ করে দিয়েছিল। ইরানকে ঘিরে যুদ্ধ পরিস্থিতি শুরু হওয়ার পর থেকেই এই বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। ফলে চলতি বছরের রমজান মাসে জেরুজালেমের মুসল্লিরা আল-আকসায় তারাবি, জুমা ও নিয়মিত নামাজ আদায় করতে পারেননি। এমনকি ঈদুল ফিতরের নামাজও মসজিদের ভেতরে আদায়ের সুযোগ পাননি। ঈদের দিন প্রধান ফটকগুলো বন্ধ থাকায় শত শত মুসল্লি মসজিদের প্রবেশপথ ও আশপাশের সড়কে জামাতে নামাজ আদায় করতে বাধ্য হন।
বুধবার (৮ এপ্রিল) যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতির ঘোষণার পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়। এরপর বৃহস্পতিবার ভোরে ইসরায়েলি বাহিনী আল-আকসা মসজিদের ওপর আরোপিত অবরোধ তুলে নেয়। ফলে ফজরের নামাজ আদায় করতে দলে দলে মুসল্লিরা মসজিদ প্রাঙ্গণে প্রবেশ শুরু করেন।
বিজ্ঞাপন
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরাসহ বিভিন্ন গণমাধ্যমের ভিডিওতে দেখা গেছে, ভোরের আলো ফুটতেই হাজারো মুসল্লি আবেগাপ্লুত হয়ে আল-আকসায় প্রবেশ করছেন। দীর্ঘ ৪০ দিন পর পবিত্র এই স্থানে নামাজ আদায়ের সুযোগ পেয়ে অনেকের চোখে আনন্দের অশ্রু দেখা গেছে।
রমজানজুড়ে আল-আকসা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়ে আন্তর্জাতিক মহলে তীব্র সমালোচনা হয়। একাধিক আরব ও মুসলিম দেশ এই পদক্ষেপকে ধর্মীয় স্বাধীনতার স্পষ্ট লঙ্ঘন বলে নিন্দা জানায়। অনেকে এটিকে মুসলিমদের ধর্মীয় অনুভূতির প্রতি অবজ্ঞা হিসেবে বর্ণনা করেন।
বিজ্ঞাপন
৪০ দিনের এই বন্ধকে ১৯৬৭ সালের পর আল-আকসা মসজিদের সবচেয়ে দীর্ঘ বন্ধ হিসেবে বিবেচনা করা হচ্ছে। এখন মসজিদটি পুনরায় খুলে দেওয়ায় স্থানীয় মুসল্লিদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।








