লেবাননে ইসরায়েলি হামলার পর তেলের দাম বেড়েছে ৪ শতাংশ

লেবাননে ইসরায়েলি বিমান হামলার পর আন্তর্জাতিক তেলের বাজারে ব্যারেলপ্রতি দাম প্রায় ৪ শতাংশ বেড়েছে। এই বৃদ্ধি মূলত মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা এবং যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতির অনিশ্চয়তার কারণে হয়েছে।
বিজ্ঞাপন
গত ২৮ ফেব্রুয়ারি ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাত শুরু হওয়ার পর হরমুজ প্রণালিতে ইরানের অবরোধে তেলের বৈশ্বিক সরবরাহ সংকট দেখা দিয়েছিল। এর প্রভাবেই তেলের দাম দ্রুত বৃদ্ধি পায়। তবে ৭ এপ্রিল যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ১৫ দিনের অস্থায়ী যুদ্ধবিরতি ঘোষণা হলে অপরিশোধিত তেলের দাম কমতে শুরু করে। ৮ এপ্রিল মাত্র কয়েক ঘণ্টার মধ্যে দাম ১৪ শতাংশ কমেছিল।
এরপর ৮ এপ্রিল রাতে লেবাননে ইসরায়েলের বিমান হামলার পর তেলের দাম আবারও ঊর্ধ্বমুখী হয়েছে। ব্রেন্ট ক্রুড তেলের দাম প্রতি ব্যারেল ৯৮.৪৪ ডলার এবং ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট প্রতি ব্যারেল ৯৭.৮৮ ডলারে বিক্রি হচ্ছে, যা আগের দিনের তুলনায় যথাক্রমে ৩.৯ শতাংশ ও ৩.৭ শতাংশ বৃদ্ধি।
বিজ্ঞাপন
বাজার বিশ্লেষকরা বলছেন, লেবাননে ইসরায়েলি হামলা ও হরমুজ প্রণালিতে সম্ভাব্য সংকটই এই উল্লম্ফনের প্রধান কারণ। ভান্দা ইনসাইটসের জ্যেষ্ঠ বিশ্লেষক বন্দনা হরি জানিয়েছেন, “হরমুজ প্রণালির স্থিতিশীলতা না ফেরার আগ পর্যন্ত তেলের বাজারে স্থিতিশীলতা ফিরবে না।”
সূত্র: রয়টার্স








