লেবাননে ড্রোন হামলায় ইসরায়েলি সেনা নিহত

লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর বিস্ফোরক ড্রোন হামলায় এক ইসরায়েলি সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। সোমবার প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এ ঘটনার পর লেবানন সীমান্তে চলমান সংঘাতে নিহত ইসরায়েলি সেনার সংখ্যা বেড়ে ২৩ জনে দাঁড়িয়েছে।
বিজ্ঞাপন
আইডিএফ জানায়, নিহত সেনার নাম নেহোরাই লেইজার। ১৯ বছর বয়সী এই সেনা ৬০১তম কমব্যাট ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়নের সদস্য ছিলেন। দক্ষিণ লেবাননে অভিযানের সময় তিনি নিহত হন।
ইসরায়েলি সেনাবাহিনীর পৃথক এক টেলিগ্রাম বার্তায় বলা হয়েছে, একই ঘটনায় আরও একজন সেনা গুরুতর আহত হয়েছেন। গত ২ মার্চ থেকে শুরু হওয়া এই সীমান্ত সংঘাতে এখন পর্যন্ত মোট ২৪ জন ইসরায়েলি নিহত হয়েছেন। এর মধ্যে ২৩ জন সেনাসদস্য এবং একজন বেসামরিক ঠিকাদার রয়েছেন।
বিজ্ঞাপন
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় চলমান যুদ্ধবিরতি কার্যত উপেক্ষা করে দক্ষিণ লেবাননে আবারও ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। রোববার দিনভর চালানো এসব হামলায় নারী ও যুবকসহ অন্তত ১৪ জন লেবানিজ নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বহু মানুষ।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ঘটেছে নাবাতিয়া প্রদেশের সাইর আল-গারবিয়াহ শহরে। সেখানে একটি আবাসিক এলাকায় চালানো বিমান হামলায় একসঙ্গে ১১ জন নিহত এবং ৯ জন আহত হন। ধ্বংসস্তূপের নিচে আরও মানুষ আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকর্মীরা সেখানে তল্লাশি চালাচ্ছেন।
এছাড়া টায়ার জেলার বাজুরিয়াহ শহরে পৃথক হামলায় একজন নিহত ও দুইজন আহত হয়েছেন। একই জেলার তুরা শহরের একটি বসতবাড়িতে সরাসরি ক্ষেপণাস্ত্র হামলায় এক নারী নিহত হন এবং আহত হন আরও দুইজন।
বিজ্ঞাপন
এদিকে নাবাতিয়া জেলার আরাবসালিম শহরে ড্রোন হামলায় এক লেবানিজ যুবক প্রাণ হারিয়েছেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সীমান্তজুড়ে উত্তেজনা বাড়তে থাকায় মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।








