Logo

যুদ্ধবিরতির পর লেবাননে ১০০ হামলা, তদন্ত চায় জাতিসংঘ

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৯ এপ্রিল, ২০২৬, ১৭:০৪
যুদ্ধবিরতির পর লেবাননে ১০০ হামলা, তদন্ত চায় জাতিসংঘ
ছবি: সংগৃহীত

যুদ্ধবিরতি ঘোষণার পরপরই লেবাননে ইসরায়েলের শতাধিক বিমান হামলার ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। হামলাগুলোর বিষয়ে স্বাধীন তদন্ত ও দায়ীদের জবাবদিহিতার আহ্বান জানিয়েছেন সংস্থাটির মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার টার্ক।

বিজ্ঞাপন

বুধবার (৮ এপ্রিল) যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অস্থায়ী যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কিছুক্ষণের মধ্যেই মাত্র ১০ মিনিটে লেবাননের বিভিন্ন স্থানে ১০০টির বেশি বিমান হামলা চালায় ইসরায়েল।

এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে আন্তর্জাতিক দাতব্য সংস্থা রেডক্রস। সংস্থাটি অভিযোগ করেছে, বৈরুতসহ ঘনবসতিপূর্ণ এলাকায় পূর্ব সতর্কতা ছাড়াই ভারী বিস্ফোরক ব্যবহার করা হয়েছে, যা বেসামরিক মানুষের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। তারা এসব হামলাকে ‘গণহত্যার শামিল’ বলেও উল্লেখ করেছে।

বিজ্ঞাপন

ইসরায়েলি হামলায় অন্তত ১৮৯ জন নিহত ও ৮৯০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। তবে স্থানীয় কিছু সূত্রে মৃতের সংখ্যা ২৫০ পর্যন্ত হতে পারে বলে দাবি করা হয়েছে। এ ঘটনায় লেবাননে জাতীয় শোকও ঘোষণা করা হয়েছে।

ভলকার টার্ক বলেন, যুদ্ধবিরতির কয়েক ঘণ্টার মধ্যেই এমন ভয়াবহ হামলা শান্তি প্রক্রিয়ার জন্য বড় হুমকি। তিনি দ্রুত, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সব অভিযোগ যাচাই এবং দায়ীদের বিচারের আওতায় আনার ওপর জোর দেন।

এছাড়া দক্ষিণ লেবাননের কিছু অংশ দখল বা সংযুক্ত করার ইঙ্গিত সম্পর্কিত বক্তব্য নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি।

বিজ্ঞাপন

সূত্র: তাসনিম নিউজ এজেন্সি

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD