ইরান চুক্তিতে আসুক আর না আসুক, আমরা জিতেছি— বললেন ট্রাম্প

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সংঘাত নিরসনে স্থায়ী শান্তি চুক্তির লক্ষ্যে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দুই দেশের প্রতিনিধিদের আলোচনা চললেও, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন— ফলাফল যাই হোক না কেন, যুক্তরাষ্ট্র ইতোমধ্যে বিজয়ী।
বিজ্ঞাপন
শনিবার ফ্লোরিডার উদ্দেশে ওয়াশিংটন ছাড়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “ইসলামাবাদে কী ঘটবে তা গুরুত্বপূর্ণ নয়, আমরা জিতে গেছি। চুক্তি হোক বা না হোক, এতে আমার কিছু যায় আসে না।”
বর্তমানে ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের মধ্যে প্রায় ২০ ঘণ্টাব্যাপী আলোচনা চলছে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নেতৃত্ব দিচ্ছেন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স এবং ইরানের প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ।
বিজ্ঞাপন
ট্রাম্প আরও বলেন, ইরানকে ইতোমধ্যে পরাজিত করা হয়েছে এবং যুক্তরাষ্ট্রের অবস্থান স্পষ্ট— শেষ পর্যন্ত বিজয় তাদেরই হবে। তিনি বলেন, ইরান চুক্তিতে আসুক বা না আসুক, তা বড় বিষয় নয়।
উল্লেখ্য, যুদ্ধবিরতি ও স্থায়ী সমঝোতার লক্ষ্যে পাকিস্তানের মধ্যস্থতায় ইসলামাবাদে এই আলোচনা চলছে।
সূত্র: এএফপি








