এক বৈঠকে চুক্তি প্রত্যাশা বাস্তবসম্মত নয়: ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘদিনের দ্বন্দ্ব একক বৈঠকে সমাধান হয়ে শান্তিচুক্তি হবে—এমন প্রত্যাশা বাস্তবসম্মত নয় বলে মন্তব্য করেছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই বলেন, এমন ধারণা শুরু থেকেই সঠিক ছিল না।
বিজ্ঞাপন
ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অনুষ্ঠিত আলোচনা ব্যর্থ হওয়ার পর ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, “শুরু থেকেই এক বৈঠকে চুক্তিতে পৌঁছানোর আশা করা উচিত ছিল না। শুধু আমরা নই, কেউই এমন প্রত্যাশা করেনি।”
তিনি আরও জানান, পাকিস্তানসহ আঞ্চলিক মিত্রদের সঙ্গে যোগাযোগ অব্যাহত থাকবে এবং কূটনৈতিক প্রচেষ্টা ভবিষ্যতেও চলবে।
বিজ্ঞাপন
দীর্ঘদিন ধরেই ইরানের পারমাণবিক কর্মসূচি ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা চলছে। এ ইস্যুতে ৬ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত দুই দেশের মধ্যে সংলাপ হলেও তা কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়।
পরবর্তীতে ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ‘অপারেশন এপিক ফিউরি’ শুরু করে। একই সময়ে ইসরায়েলও ‘অপারেশন রোয়ারিং লায়ন’ নামে সামরিক অভিযান চালায়। ওই সময় সংঘাতে ইরানের শীর্ষ নেতৃত্ব ও পরিবারের সদস্যদের প্রাণহানির ঘটনাও ঘটে বলে জানা যায়।
পরিস্থিতি শান্ত করতে ৭ এপ্রিল যুদ্ধবিরতি ঘোষণা করা হলেও ১১ এপ্রিল ইসলামাবাদে অনুষ্ঠিত ২১ ঘণ্টার আলোচনাও কোনো চুক্তি ছাড়াই শেষ হয়।
বিজ্ঞাপন
সূত্র: টাইমস অব ইসরায়েল








