Logo

ইরাকের নতুন প্রেসিডেন্ট হলেন কুর্দি নেতা আমেদি

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১২ এপ্রিল, ২০২৬, ১৭:৪৪
ইরাকের নতুন প্রেসিডেন্ট হলেন কুর্দি নেতা আমেদি
ছবি: সংগৃহীত

ইরাকের পার্লামেন্ট দেশটির নতুন প্রেসিডেন্ট হিসেবে কুর্দি নেতা নিজার আমেদিকে নির্বাচিত করেছে। এর মাধ্যমে দেশটিতে দীর্ঘদিন ধরে চলা রাজনৈতিক অচলাবস্থার অবসান ঘটল এবং সরকার গঠন প্রক্রিয়া এগিয়ে নেওয়ার পথ সুগম হলো।

বিজ্ঞাপন

প্যাট্রিয়টিক ইউনিয়ন অব কুর্দিস্তান (পিইউকে) মনোনীত প্রার্থী নিজার আমেদি শনিবার (১১ এপ্রিল) পার্লামেন্টে দ্বিতীয় দফার ভোটাভুটিতে ২২৭ ভোট পেয়ে বিপুল ব্যবধানে জয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মুথানা আমিন নাদের পেয়েছেন মাত্র ১৫ ভোট।

২০০৩ সালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন অভিযানে সাদ্দাম হোসেনের পতনের পর এটি ইরাকের ষষ্ঠ প্রেসিডেন্ট নির্বাচন। ভোটের পর আমেদি বলেন, দেশের সামনে থাকা চ্যালেঞ্জগুলো সম্পর্কে তিনি পুরোপুরি সচেতন। তিনি সরকারের তিনটি শাখার সঙ্গে সমন্বয় করে কাজ করার প্রতিশ্রুতি দেন এবং ‘সবার আগে ইরাক’ নীতিতে অটল থাকার ঘোষণা করেন।

বিজ্ঞাপন

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধের মধ্যে ইরাকে হওয়া হামলার নিন্দাও জানান নতুন প্রেসিডেন্ট। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর ইরান মার্কিন ঘাঁটিতে পাল্টা আক্রমণ চালায়। এর জেরে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলো ইরাকে অবস্থিত মার্কিন ঘাঁটি ও কূটনৈতিক স্থাপনায় হামলা করে, যাতে ইরাকি সেনাবাহিনীর কয়েকজন সদস্য নিহত হন।

প্রেসিডেন্ট নির্বাচনের পর এখন সবার দৃষ্টি নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের দিকে। এটিকে আরও গুরুত্বপূর্ণ ও রাজনৈতিকভাবে সংবেদনশীল বলে মনে করা হচ্ছে।

২০০৩ সালের পর ইরাকে ক্ষমতা ভাগাভাগির একটি অলিখিত নিয়ম চালু রয়েছে। সে অনুসারে প্রধানমন্ত্রী পদে শিয়া মুসলিম, পার্লামেন্ট স্পিকার পদে সুন্নি এবং প্রেসিডেন্ট পদে কুর্দি নেতাকে নির্বাচিত করা হয়।

বিজ্ঞাপন

গত নভেম্বরের নির্বাচনের পর প্রায় ১৫০ দিন পার হয়ে গেলেও নতুন সরকার এখনও গঠিত হয়নি। সংবিধান অনুসারে, প্রেসিডেন্ট নিজার আমেদির হাতে এখন ১৫ দিন সময় রয়েছে। এর মধ্যে তাকে পার্লামেন্টের সবচেয়ে বড় জোটের মনোনীত প্রার্থীকে সরকার গঠনের দায়িত্ব দিতে হবে। ওই ব্যক্তিকে পরবর্তী ৩০ দিনের মধ্যে মন্ত্রিসভা গঠন করে পার্লামেন্টে অনুমোদন করাতে হবে।

৫৮ বছর বয়সী নিজার আমেদি কয়েক দশক ধরে ইরাকের রাজনৈতিক অঙ্গনে সক্রিয় রয়েছেন। তিনি দুই সাবেক প্রেসিডেন্টের জ্যেষ্ঠ সহকারী হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং ২০২২ থেকে ২০২৪ সাল পর্যন্ত পরিবেশমন্ত্রীর দায়িত্বে ছিলেন।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD