বল এখন ইরানের কোর্টে, বললেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট

যুক্তরাষ্ট্র ও ইরান-এর সম্ভাব্য দ্বিতীয় দফা সংলাপ এগিয়ে নেওয়া নির্ভর করছে তেহরানের অবস্থানের ওপর বলে মন্তব্য করেছেন জে ডি ভ্যান্স। তার ভাষায়, “বল এখন ইরানের কোর্টে”।
বিজ্ঞাপন
যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট বলেন, ইসলামাবাদ-এ অনুষ্ঠিত প্রথম দফা আলোচনায় ইরান চুক্তি স্বাক্ষরের জন্য প্রস্তুত ছিল না। তাই পরবর্তী সংলাপের অগ্রগতি তাদের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।
আরও পড়ুন: ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম নিতে চায় রাশিয়া
সোমবার মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ভ্যান্সকে প্রশ্ন করা হয়, দ্বিতীয় দফা আলোচনায় ওয়াশিংটনের আগ্রহ রয়েছে কি না। জবাবে তিনি বলেন, এ বিষয়ে সবচেয়ে ভালো উত্তর দিতে পারবে ইরানই।
বিজ্ঞাপন
তার ভাষায়, “পারমাণবিক অস্ত্র তৈরি না করার বিষয়ে ইরানের কাছ থেকে স্পষ্ট প্রতিশ্রুতি দরকার। তারা এতে রাজি হলে দুই দেশের জন্যই একটি ভালো চুক্তি সম্ভব।”
ভ্যান্স আরও বলেন, আলোচনায় অগ্রগতি না হলে সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি সম্পূর্ণ ইরানের ওপরই নির্ভর করবে।
ইরানের পারমাণবিক কর্মসূচি ও ক্ষেপণাস্ত্র কার্যক্রমকে ঘিরে দীর্ঘদিন ধরে দুই দেশের মধ্যে উত্তেজনা চলছে। ফেব্রুয়ারিতে টানা কয়েক সপ্তাহ আলোচনার পরও কোনো সমঝোতা হয়নি। পরবর্তীতে সামরিক উত্তেজনা বৃদ্ধি পায় এবং পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।
বিজ্ঞাপন
এরই ধারাবাহিকতায় ৭ এপ্রিল দুই পক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হয় এবং ১১ এপ্রিল ইসলামাবাদে আবারও সংলাপে বসে প্রতিনিধিরা। ওই বৈঠকে যুক্তরাষ্ট্রের পক্ষে নেতৃত্ব দেন জে ডি ভ্যান্স এবং ইরানের পক্ষে ছিলেন দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ। প্রায় ২১ ঘণ্টার আলোচনার পরও কোনো চুক্তি হয়নি।
ভ্যান্স দাবি করেন, আলোচনায় তারা ইরানের কূটনৈতিক প্রক্রিয়া সম্পর্কে ধারণা পেয়েছেন। তবে তার মতে, ইরানি প্রতিনিধিদল সরাসরি চুক্তি স্বাক্ষরের অবস্থানে ছিল না, কারণ তাদের চূড়ান্ত অনুমোদনের জন্য তেহরানের শীর্ষ নেতৃত্বের সিদ্ধান্ত প্রয়োজন।
বিজ্ঞাপন
তবে তিনি এটিও বলেন, আলোচনায় পুরোপুরি ব্যর্থতা হয়নি। বরং এটি একটি ইতিবাচক অগ্রগতির ইঙ্গিত। তার মতে, এখনও একটি বড় সমঝোতার সুযোগ রয়েছে, তবে পরবর্তী পদক্ষেপ এখন ইরানকেই নিতে হবে।
সূত্র: সিএনএন








