ইরান যুদ্ধ বন্ধে তিন দেশে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা প্রশমনে কূটনৈতিক উদ্যোগ জোরদার করতে সৌদি আরব, কাতার ও তুরস্ক সফরে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। চার দিনের এই সফরের মাধ্যমে শান্তি আলোচনায় মধ্যস্থতার প্রচেষ্টা এগিয়ে নেওয়ার লক্ষ্য রয়েছে।
বিজ্ঞাপন
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বুধবার শুরু হয়ে শনিবার পর্যন্ত চলবে এই সফর। সৌদি আরব ও কাতারে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে। আর তুরস্কে রিসেপ তাইয়্যেপ এরদোয়ান-সহ অন্যান্য নেতাদের সঙ্গে আলোচনা হবে আন্তালিয়া ডিপ্লোমেসি ফোরামের পার্শ্ব বৈঠকে।
পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এক বিবৃতিতে জানিয়েছেন, শান্তি আলোচনার অগ্রগতি ও মধ্যস্থতার উদ্যোগ সম্পর্কে তাকে অবহিত করেছেন প্রধানমন্ত্রী। দুই সপ্তাহের যুদ্ধবিরতির সময়কে কাজে লাগিয়ে সংলাপ এগিয়ে নেওয়ার চেষ্টা চলছে।
বিজ্ঞাপন
তিনি সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে—বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইরানের সঙ্গে—যোগাযোগ অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন, যাতে শান্তি প্রক্রিয়া টিকে থাকে।
এদিকে সাম্প্রতিক কূটনৈতিক তৎপরতায় ইতিবাচক ইঙ্গিত মিলেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং জাতিসংঘের পক্ষ থেকেও এই উদ্যোগে সমর্থনের আভাস পাওয়া গেছে।
এর আগে মার্কিন ভাইস প্রেসিডেন্ট ও ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের মধ্যে দীর্ঘ সময় বৈঠক হলেও তা ফলপ্রসূ হয়নি। তবে শিগগিরই নতুন করে আলোচনা শুরু হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বিজ্ঞাপন
সূত্র: আল জাজিরা








