Logo

জাতিসংঘ থেকে ইসরায়েলকে বহিষ্কারের দাবি

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৬ এপ্রিল, ২০২৬, ১৪:০১
জাতিসংঘ থেকে ইসরায়েলকে বহিষ্কারের দাবি
ছবি: সংগৃহীত

ইসরায়েলকে জাতিসংঘ থেকে সাময়িকভাবে বরখাস্ত করার দাবি জানিয়েছেন তুরস্কের পার্লামেন্ট স্পিকার নুমান কুর্তুলমুস। ফিলিস্তিনি বন্দিদের জন্য মৃত্যুদণ্ড সংক্রান্ত বিলের প্রস্তাবের কঠোর সমালোচনা করে তিনি এই আহ্বান জানান।

বিজ্ঞাপন

ইস্তাম্বুলে অনুষ্ঠিত ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের ১৫২তম সাধারণ সভায় দেওয়া বক্তব্যে তিনি অতীতের উদাহরণ টেনে বলেন, ১৯৭৪ সালে বর্ণবাদের অভিযোগে দক্ষিণ আফ্রিকার সদস্যপদ স্থগিত করা হয়েছিল। একইভাবে ইসরায়েলের ক্ষেত্রেও এমন পদক্ষেপ বিবেচনা করা উচিত।

তিনি প্রশ্ন তোলেন, একটি নির্দিষ্ট ভূখণ্ডে ফিলিস্তিনি ও ইসরায়েলিদের জন্য আলাদা আইন প্রযোজ্য করা কি বর্ণবাদের শামিল নয়? একই সঙ্গে জাতিসংঘের কার্যক্রম নিয়েও সমালোচনা করেন তিনি। তার দাবি, সংস্থাটি এখন অনেকটাই প্রভাবশালী রাষ্ট্রগুলোর ইচ্ছার ওপর নির্ভরশীল হয়ে পড়েছে এবং গাজাসহ বিভিন্ন সংঘাত থামাতে কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছে।

বিজ্ঞাপন

মধ্যপ্রাচ্যে বিভিন্ন দেশের সার্বভৌমত্ব লঙ্ঘনের ঘটনাতেও উদ্বেগ প্রকাশ করেন নুমান কুর্তুলমুস। তিনি সব দেশের সমান অধিকার নিশ্চিত করার আহ্বান জানান এবং সতর্ক করে বলেন, ইসরায়েলের বর্তমান পদক্ষেপ উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা বাড়িয়ে ইরানের সঙ্গে বিরোধ আরও জটিল করতে পারে।

উল্লেখ্য, ইস্তাম্বুলে আয়োজিত এই সম্মেলনে বিশ্বের প্রায় ১৫৫টি দেশের প্রতিনিধিরা অংশ নেন।

সূত্র: টিআরটি

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD