পশ্চিমবঙ্গে ক্যাম্পে আগুন, বিএসএফ সদস্যের মৃত্যু

পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে আগুনে পুড়ে এক বিএসএফ সদস্যের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে এ দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
স্থানীয় সূত্রে জানা গেছে, ওইদিন সকালে হিঙ্গলগঞ্জ থানার বড় বাঁকড়া এলাকায় বিএসএফের ৭৭ নম্বর ব্যাটালিয়নের ক্যাম্পের জ্বালানি সংরক্ষণ কক্ষে হঠাৎ করে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে এবং চারপাশ ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায়।
আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে ভেতরে থাকা এক বিএসএফ সদস্য বের হতে পারেননি। পরে অগ্নিদগ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত জওয়ানের নাম রাম সিং।
বিজ্ঞাপন
ঘটনার পর স্থানীয়রা আগুন দেখতে পেয়ে হিঙ্গলগঞ্জ থানা পুলিশ ও দমকল বিভাগকে খবর দেয়। পরে দমকলের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় এলাকায় চরম চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দা সুনিল কুমার মণ্ডল জানান, সকালে হঠাৎ বিএসএফ ক্যাম্পে আগুনের খবর পাওয়া যায়। তার দাবি, প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকে পেট্রোল সংরক্ষিত স্থানে আগুন লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
হিঙ্গলগঞ্জ থানার পুলিশ জানিয়েছে, ঘটনাটির কারণ উদঘাটনে তদন্ত চলছে।








