Logo

এবার ইসরায়েলের বিরুদ্ধে বড় পদক্ষেপ নিল বেলজিয়াম

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৬ এপ্রিল, ২০২৬, ১৩:৩৫
এবার ইসরায়েলের বিরুদ্ধে বড় পদক্ষেপ নিল বেলজিয়াম
ছবি: সংগৃহীত

ইসরায়েলের উদ্দেশে পাঠানো দুটি বড় সামরিক সরঞ্জামের চালান জব্দ করেছে বেলজিয়াম কর্তৃপক্ষ। এক প্রতিবেদনে জানানো হয়, গত ২৪ মার্চ যুক্তরাজ্যের একটি বিমানবন্দর থেকে সামরিক যন্ত্রাংশবাহী চালানটি বেলজিয়ামের লিয়েজ বিমানবন্দরে পৌঁছায়।

বিজ্ঞাপন

পরিকল্পনা অনুযায়ী, ২৬ মার্চ ইসরায়েলভিত্তিক চ্যালেঞ্জ এয়ারলাইন্সের একটি কার্গো ফ্লাইটে করে এসব সরঞ্জাম তেল আবিবে পাঠানো হওয়ার কথা ছিল। তবে বেলজিয়ামের এনজিও ‘ভ্রেডেসাক্টি’ আগাম সতর্কতা দিলে ওয়ালোনিয়া অঞ্চলের প্রধান আদ্রিয়েন ডলিমন্টের নির্দেশে চালান দুটি আটকে দেয় স্থানীয় প্রশাসন।

এ বিষয়ে আদ্রিয়েন ডলিমন্ট বলেন, ইসরায়েল ইস্যুতে তাদের অবস্থান স্পষ্ট। সংঘাতে জড়িত কোনো পক্ষের সামরিক সক্ষমতা বাড়াতে পারে—এমন কোনো সরঞ্জাম পরিবহনের অনুমতি দেওয়া হবে না।

বিজ্ঞাপন

জব্দ করা সরঞ্জামগুলোর মালিকানা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। তবে শিপিং নথির বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, এসব যন্ত্রাংশ যুক্তরাজ্যের সামরিক রপ্তানি কোডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং এগুলো মূলত সামরিক বিমান ও ফায়ার কন্ট্রোল সিস্টেমে ব্যবহৃত হয়।

গাজা ও লেবাননে ইসরায়েলের সামরিক অভিযানে বেসামরিক হতাহতের অভিযোগ ওঠার পর জাতিসংঘসহ বিভিন্ন মানবাধিকার সংস্থা বিষয়টি নিয়ে উদ্বেগ জানিয়েছে। এর প্রেক্ষিতে ইতোমধ্যে ইউরোপের বেশ কয়েকটি দেশ ইসরায়েলের সঙ্গে অস্ত্র সংক্রান্ত চুক্তি বাতিল করেছে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ২০২৫ সালে বেলজিয়াম দক্ষিণ আফ্রিকার পক্ষে আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েলের বিরুদ্ধে দায়ের করা গণহত্যা মামলায় যোগ দেয়।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD