Logo

১৭ দিন পর ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার শ্রমিক

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৭ এপ্রিল, ২০২৬, ১৬:২৯
১৭ দিন পর ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার শ্রমিক
ছবি: সংগৃহীত

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের মর্দন জেলার রুস্তম তহশিলে ভয়াবহ খনি দুর্ঘটনার ১৭ দিন পর এক শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে। দীর্ঘ সময় ধ্বংসস্তূপের নিচে আটকে থাকার পর বৃহস্পতিবার তাকে উদ্ধার করতে সক্ষম হয় উদ্ধারকারী সংস্থা রেসকিউ ১১২২, যা এলাকাজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।

বিজ্ঞাপন

গত ৩১ মার্চ রুস্তমের নাঙ্গাবাদ এলাকায় একটি পাথর খনিতে এ দুর্ঘটনা ঘটে। পাথর উত্তোলনের সময় হঠাৎ ওপর থেকে বড় বড় শিলাখণ্ড ধসে পড়ে খনির ভেতরে থাকা শ্রমিকদের ওপর। এতে একাধিক শ্রমিক পাথরের নিচে চাপা পড়েন। এ ঘটনায় এখন পর্যন্ত অন্তত আটজন শ্রমিকের মৃত্যুর খবর পাওয়া গেছে।

রেসকিউ ১১২২-এর কর্মকর্তা সৈয়দ আব্বাস এক ভিডিও বার্তায় জানান, জীবিত উদ্ধার হওয়া শ্রমিকের নাম আব্দুল ওয়াহাব, যিনি মোহমান্দ জেলার বাসিন্দা। টানা উদ্ধার অভিযানের পর ধ্বংসস্তূপের নিচ থেকে তাকে জীবিত বের করে আনা সম্ভব হয়। উদ্ধারের পরপরই তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, এর আগে আটকে পড়া বাকি সবার তথ্য পাওয়া গেলেও একজন নিখোঁজ বলে ধারণা করা হচ্ছিল।

খাইবার পাখতুনখোয়ার (কেপি) বেশ কিছু জেলায় ভূমিধস একটি নিয়মিত দুর্যোগ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে আপার দির, চিত্রাল, কোহিস্তান ও সোয়াতের পাহাড়ি অঞ্চলগুলোর খাড়া ঢাল এবং ভঙ্গুর ভূপ্রকৃতি স্থানীয় বাসিন্দাদের চরম ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছে।

বিজ্ঞাপন

সূত্র : জিও নিউজ

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD