Logo

ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত, ৮ যাত্রীর সবাই নিহত

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৭ এপ্রিল, ২০২৬, ১৬:০৩
ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত, ৮ যাত্রীর সবাই নিহত
ছবি: সংগৃহীত

ইন্দোনেশিয়ায় একটি বেসামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ মোট ৮ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় হেলিকপ্টারে থাকা সকল আরোহী নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার পশ্চিম কালিমান্তান প্রদেশের মেলাউই জেলায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় দুর্যোগ মোকাবিলা দপ্তরের মেলাউই শাখা শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনাকবলিত হেলিকপ্টারটি ছিল এয়ারবাস এইচ১৩০ মডেলের এবং এটি একটি স্থানীয় বেসরকারি বিমান পরিষেবা সংস্থার মালিকানাধীন ছিল।

দুর্যোগ মোকাবিলা দপ্তরের উদ্ধার কার্যক্রমের প্রধান নির্বাহী মোহাম্মদ সায়াফির বরাতে জানা যায়, মেলাউই এলাকার একটি পাম বাগান থেকে উড্ডয়নের মাত্র পাঁচ মিনিটের মধ্যেই হেলিকপ্টারটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে সেটি দুর্গম পাহাড়ি ও ঘন বনাঞ্চলপূর্ণ এলাকায় বিধ্বস্ত হয়।

বিজ্ঞাপন

তিনি জানান, দুর্ঘটনাস্থলটি পার্শ্ববর্তী সেকাদাও জেলার অন্তর্গত এবং অঞ্চলটি অত্যন্ত দুর্গম হওয়ায় সেখানে পৌঁছাতে উদ্ধারকারী দলকে বেশ সময় ব্যয় করতে হয়েছে। হেলিকপ্টারটিতে ২ জন ক্রু সদস্য এবং ৬ জন যাত্রী ছিলেন। তাদের সবাইকে ঘটনাস্থল থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে একজন মালয়েশিয়ার নাগরিকও ছিলেন।

দুর্ঘটনার কারণ এখনও স্পষ্ট নয়। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হেলিকপ্টারের লেজের অংশটি মূল কাঠামো থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল, যা কয়েক কিলোমিটার দূরে পাওয়া গেছে। কী কারণে এই অংশটি আলাদা হয়ে যায়, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

বিজ্ঞাপন

ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে স্থানীয় প্রশাসন ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করেছে এবং বিস্তারিত অনুসন্ধান কার্যক্রম শুরু হয়েছে।

সূত্র : গালফ নিউজ, এএফপি

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD