Logo

মার্কিন অবরোধকে পাত্তা না দিয়ে হরমুজ পার হলো ৩ ইরানি ট্যাংকার

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৭ এপ্রিল, ২০২৬, ১৯:৫৪
মার্কিন অবরোধকে পাত্তা না দিয়ে হরমুজ পার হলো ৩ ইরানি ট্যাংকার
ছবি: সংগৃহীত

মার্কিন অবরোধের মধ্যেই হরমুজ প্রণালি অতিক্রম করে পারস্য উপসাগরের দিকে গেছে তিনটি ইরানি তেলবাহী ট্যাংকার। জাহাজ তিনটি হলো ‘ডিপ সি’, ‘সোনিয়া আই’ এবং ‘দিওনা’।

বিজ্ঞাপন

সমুদ্রবাণিজ্য পর্যবেক্ষণ সংস্থা কেপলারের তথ্যের বরাতে এএফপি জানিয়েছে, জাহাজ তিনটিই ইরানের অপরিশোধিত তেলে সম্পূর্ণভাবে লোডেড ছিল। তথ্য অনুযায়ী, গত ২ এপ্রিল খার্গ দ্বীপে ‘ডিপ সি’, ৮ এপ্রিল ‘সোনিয়া আই’ এবং ৯ এপ্রিল ‘দিওনা’-তে তেল বোঝাই করা হয়।

এরপর বৃহস্পতিবার (১৬ এপ্রিল) জাহাজ তিনটি একে একে খার্গ দ্বীপ থেকে যাত্রা শুরু করে হরমুজ প্রণালি পেরিয়ে পারস্য উপসাগরের দিকে অগ্রসর হয়। তবে তাদের চূড়ান্ত গন্তব্য সম্পর্কে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

উল্লেখযোগ্য বিষয় হলো, ১০ এপ্রিলের পর এই প্রথম ইরানি কোনো ট্যাংকার হরমুজ প্রণালি অতিক্রম করল। ফলে আন্তর্জাতিক জ্বালানি বাণিজ্য রুট ঘিরে নতুন করে নজর তৈরি হয়েছে।

এর আগে ১১ এপ্রিল ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের মধ্যে অনুষ্ঠিত আলোচনা ব্যর্থ হওয়ার পর ১২ এপ্রিল থেকে হরমুজ প্রণালি ও ইরানি সমুদ্রবন্দরগুলোতে অবরোধ আরোপ করে মার্কিন সেনাবাহিনীর কেন্দ্রীয় কমান্ড (সেন্টকোম)।

সেন্টকোমের ঘোষণায় বলা হয়, অবরোধ চলাকালে বিদেশি কোনো জাহাজ ইরানি বন্দরে প্রবেশ করতে পারবে না এবং ইরানি জাহাজও বন্দর ত্যাগ করতে পারবে না।

বিজ্ঞাপন

তবে সাম্প্রতিক সময়ে দুই দেশের মধ্যে আবারও আলোচনা শুরু হতে পারে বলে বিভিন্ন মহলে আলোচনা চলছে। পাকিস্তান দ্বিতীয় দফা সংলাপ আয়োজনের জন্য প্রস্তুতি নিচ্ছে বলেও জানা গেছে।

এমন পরিস্থিতির মধ্যেই হরমুজ প্রণালি অতিক্রম করল ইরানি ট্যাংকারগুলো, যা নতুন করে আঞ্চলিক উত্তেজনা বাড়িয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

বিজ্ঞাপন

সূত্র: এএফপি, টাইমস অব ইসরায়েল

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD