ইরানকে চুক্তি স্বাক্ষরের জন্য সময়সীমা বেঁধে দিলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি বা সমঝোতা চুক্তি স্বাক্ষর করতে ইরানকে স্পষ্ট সময়সীমা দিয়েছেন। তিনি জানিয়েছেন, আগামী ২২ এপ্রিল বুধবারের মধ্যে চুক্তি স্বাক্ষর করতে হবে ইরানকে।
বিজ্ঞাপন
ট্রাম্প আরও বলেছেন, নির্ধারিত সময়ের মধ্যে চুক্তি না হলে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বর্তমান যুদ্ধবিরতি সম্ভবত আর বাড়ানো হবে না। তবে ইরানের বন্দরগুলোতে মার্কিন অবরোধ চলতে থাকবে।
শুক্রবার যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের ফিনিক্স শহরে রিপাবলিকান পার্টির এক অনুষ্ঠান শেষে ওয়াশিংটনে ফেরার পথে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ তথ্য জানান। প্রেসিডেন্টের সরকারি বিমান এয়ার ফোর্স ওয়ানে চেপে ফেরার সময় সাংবাদিকরা প্রশ্ন করেন— ২২ এপ্রিলের মধ্যে চুক্তি না হলে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হবে কি না।
বিজ্ঞাপন
জবাবে ট্রাম্প বলেন, “সম্ভবত আমি আর তা বাড়াব না, তবে ইরানের বন্দরগুলোতে মার্কিন অবরোধ অব্যাহত থাকবে। সেক্ষেত্রে তাদের বন্দরগুলো অবরুদ্ধ থাকবে এবং দুর্ভাগ্যবশত, ফের ইরানে আমাদের বোমাবর্ষণ শুরু করতে হবে।”
ইরানের পরমাণু প্রকল্প ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে বিরোধের জেরে গত ২৮ ফেব্রুয়ারি থেকে টানা ৪০ দিন যুদ্ধের পর ৮ এপ্রিল ১৪ দিনের যুদ্ধবিরতি ঘোষণা করে যুক্তরাষ্ট্র ও ইরান। শুরু থেকেই এ যুদ্ধের প্রধান মধ্যস্থতাকারী ছিল পাকিস্তান।
একটি স্থায়ী শান্তিচুক্তি স্বাক্ষর করতে বিরতির তৃতীয় দিনে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে সংলাপে বসেন মার্কিন ও ইরানি প্রতিনিধিরা; কিন্তু টানা ২১ ঘণ্টা আলোচনার পরও চুক্তি স্বাক্ষর হয়নি।
বিজ্ঞাপন
ইসলামাবাদে সংলাপ ব্যর্থ হওয়ার পর দ্বিতীয় দফা সংলাপের ব্যাপারে কথাবার্তা শুরু হয়। যুক্তরাষ্ট্র ও ইরান উভয়েই জানায়, তারা দ্বিতীয় দফায় সংলাপে বসতে আগ্রহী এবং সেই সংলাপের ভেন্যু হিসেবে ইসলামাবাদ যেতে তাদের আপত্তি নেই।
তারপর থেকেই দ্বিতীয় দফা সংলাপের জন্য প্রস্তুতি শুরু করেছে পাকিস্তান। আগামী ২০ এপ্রিল সেই সংলাপ হওয়ার কথা আছে।
বিজ্ঞাপন
এদিকে, ১১ এপ্রিলের সংবাদ ব্যর্থ হওয়ার পর ইরানের সমুদ্রবন্দরগুলো অবরোধের ঘোষণা দেন ট্রাম্প। তিনি বলেন, অবরোধ চলাকালে ইরানের বন্দরগুলো থেকে কোনো জাহাজ বের হতে পারবে না এবং বাইরের কোনো জাহাজ প্রবেশও করতে পারবে না। সেই অবরোধ এখনও বহাল আছে।
সূত্র : এএফপি, জিও নিউজ








