ঢাকায় ভারতের হাইকমিশনার হচ্ছেন বিজেপি নেতা দীনেশ ত্রিবেদী

ভারতের ক্ষমতাসীন সরকার বাংলাদেশে নতুন হাইকমিশনার হিসেবে বিজেপি নেতা দীনেশ ত্রিবেদীকে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। রোববার (১৯ এপ্রিল) দেশটির ইংরেজি দৈনিক হিন্দুস্তান টাইমস এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞাপন
প্রতিবেদনে বলা হয়, দীর্ঘদিন পর প্রতিবেশী কোনো দেশে রাজনৈতিক নিয়োগ হিসেবে একজন নেতাকে কূটনৈতিক দায়িত্বে পাঠাচ্ছে দিল্লি। দীনেশ ত্রিবেদী বর্তমান হাইকমিশনার প্রণয় ভার্মার স্থলাভিষিক্ত হবেন। আর প্রণয় ভার্মাকে ইউরোপীয় ইউনিয়নে ভারতের রাষ্ট্রদূত হিসেবে ব্রাসেলসে পাঠানো হচ্ছে।
ত্রিবেদীর নিয়োগ কার্যকর করতে বাংলাদেশ সরকারের সম্মতি চাওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। ৭৫ বছর বয়সী এই অভিজ্ঞ রাজনীতিককে ঢাকায় দায়িত্ব দেওয়ার সিদ্ধান্তকে ভারতের পররাষ্ট্র ব্যবস্থায় একটি তাৎপর্যপূর্ণ বার্তা হিসেবে দেখছেন বিশ্লেষকরা।
বিজ্ঞাপন
দীনেশ ত্রিবেদী অতীতে ইউপিএ সরকারের সময় তৃণমূল কংগ্রেসের হয়ে কেন্দ্রীয় রেলমন্ত্রী এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২১ সালের ফেব্রুয়ারিতে তৃণমূল কংগ্রেস ত্যাগ করে একই বছরের মার্চে তিনি ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগ দেন।
বাংলাদেশে সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর দুই দেশের সম্পর্কে যে টানাপোড়েন তৈরি হয়েছে, তা পুনরুদ্ধারের প্রচেষ্টার অংশ হিসেবেই এই নিয়োগ দেওয়া হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
বিজ্ঞাপন
এ সিদ্ধান্তের মাধ্যমে মোদি সরকার ইঙ্গিত দিয়েছে যে, গুরুত্বপূর্ণ কূটনৈতিক পদে শুধু পেশাদার কূটনীতিক নয়, রাজনৈতিক ব্যক্তিত্বদেরও নিয়োগ দিতে তারা আগ্রহী। এর আগে সাবেক সেনাপ্রধান জেনারেল দলবীর সিং সুহাগ ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত সেশেলসে ভারতের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
সূত্র: হিন্দুস্তান টাইমস








