ইরানকে পারমাণবিক অধিকার থেকে বঞ্চিত করার ক্ষমতা অন্য কারও নেই

ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থানের কড়া সমালোচনা করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি প্রশ্ন তুলেছেন—ইরানকে তার নিজস্ব পারমাণবিক অধিকার থেকে বঞ্চিত করার ট্রাম্প কে?
বিজ্ঞাপন
রোববার (১৯ এপ্রিল) এক প্রতিক্রিয়ায় পেজেশকিয়ান বলেন, ট্রাম্প দাবি করছেন ইরান তার পারমাণবিক অধিকার ব্যবহার করতে পারবে না, কিন্তু এর পেছনে কোনো যৌক্তিক কারণ তিনি তুলে ধরতে পারেননি। তার ভাষায়, কোনো রাষ্ট্রকে তার স্বীকৃত অধিকার থেকে বঞ্চিত করার ক্ষমতা অন্য কারও নেই।
ইরানি প্রেসিডেন্ট আরও দাবি করেন, আন্তর্জাতিক আইনের আওতায় থেকেই ইরান তার কার্যক্রম পরিচালনা করছে। তিনি বলেন, ইরান কখনও অন্য কোনো দেশের বিরুদ্ধে আগ্রাসন চালায়নি এবং ভবিষ্যতেও করবে না। বরং নিজেরাই হামলার শিকার হয়েছে, তাই আত্মরক্ষার অধিকার প্রয়োগ করছে তেহরান।
বিজ্ঞাপন
এদিকে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে আলোচনার সম্ভাবনা তৈরি হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের একাধিক সূত্র। রোববার নাম প্রকাশ না করার শর্তে তারা আন্তর্জাতিক গণমাধ্যমকে জানায়, কয়েকটি সাম্প্রতিক ঘটনার ভিত্তিতে এমন সম্ভাবনা দেখা যাচ্ছে।
সূত্রগুলোর তথ্য অনুযায়ী, ইসলামাবাদের কাছে রাওয়ালপিন্ডির নূর খান বিমানঘাঁটিতে যুক্তরাষ্ট্রের দুটি সি-১৭ গ্লোবমাস্টার বিমান অবতরণ করেছে। পাশাপাশি বিমানবন্দর থেকে রাজধানীর ‘রেড জোন’ এলাকায় যাওয়ার সড়ক সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে, যা বাড়তি নিরাপত্তা ব্যবস্থার ইঙ্গিত দিচ্ছে।
আরও জানা গেছে, ইসলামাবাদের সেরেনা ও ম্যারিয়ট হোটেল অস্থায়ীভাবে খালি করা হচ্ছে এবং আগামী শুক্রবার পর্যন্ত নতুন বুকিং নেওয়া হচ্ছে না। এসব প্রস্তুতিকে সম্ভাব্য উচ্চপর্যায়ের বৈঠকের ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।
বিজ্ঞাপন
উল্লেখ্য, গত ১১ এপ্রিল ইসলামাবাদের সেরেনা হোটেলে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে প্রথম দফার আলোচনা অনুষ্ঠিত হলেও সেখান থেকে কোনো সমঝোতা হয়নি।
সূত্র: রয়টার্স, আলজাজিরা








